চুনারুঘাট থাকা অবস্থাতেই আপার বিয়ে হয়ে গেল । আপা যেমন কৃপণ তেমনই কৃপণ, ভিতু, সাবধানী এক বেঁটে ছোট খাটো লোকের সাথে । বিয়ের আগে তাদের কখনো দেখা হয়নি কিন্তু বিয়ের এক ঘণ্টা পর আচরন দেখে বোঝার উপায় রইল না যে তারা পরস্পরের অপরিচিত । আসলে তারা দুজনেই বয়সের ভারে নুয়ে পড়েছিল । তারা ছিল ক্লান্ত কিন্তু সন্তান জন্মদানে উদ্গ্রিব । ( আপার গল্প এখানেই সমাপ্ত )।
বড় ভাইয়া চাকরির ভাইভা দিয়ে এসেছিলেন অনেকদিন হয়ে গেল । হঠাৎ করেই তাঁর চাকরি হয়ে গেল তাও সরকারি চাকুরি । আমি ভিতু হয়ে পড়লাম এবং খুশি হবার ভান করলাম । ভাইয়া আমাদের ছেড়ে চলে গেলে কোনদিন-ই এ বাসায় আর ফেরত আসবেন না । আমাকে তাহলে কচু কাটা করা হবে । কোনমতে বললাম, তোমার পোস্টিং কুমিল্লা করানো যাবেনা ? লাকসামে পোস্টিং হল । আমরা এই যাত্রায় টেনশন ফ্রি হয়ে গেলাম । অন্তত খাওয়া পড়ার ভয় আর করতে হবেনা । সপ্তাহে তিনদিন অফিস করেন বাকি তিনদিন ফয়সল হসপিটালে সকাল থেকে রাত অবধি কাজ করেন । ৪৮০০ টাকা থেকে একলাফে ঘরের আয় বেড়ে দাঁড়াল ২৫০০০ টাকায় । অজস্র টাকা । একটা ড্রয়ারে এই টাকা থাকে । একটা চাবি আমার কাছে অন্য চাবিটা থাকে ভাইয়ার কাছে । ওনার কাছে চাবি থাকা না থাকা সমান কথা । ঘরে নতুন টেলিফোন সংযোগ এসেছে । মার্বেল পাথরের একটা সুন্দর টেলিফোন সেট কিনে নিয়ে এসেছি । ঘরের সদাই পাতি থেকে শুরু করে সব কিছুই চলে আমার ইশারায় । দরকার লাগলে ভাইয়া ফোনে ইন্সট্রাকশন দেয় । যদিও তার প্রয়োজন সাধারনত হয় না ।
বড় ভাইয়া আমার উপর সব দায়িত্ব ছেড়ে দেবার অন্য যে কারণটি ছিল তা হল সবার ছোট হয়েও আপার পুরো বিয়েটা একহাতে শেষ করেছিলাম কোনোরকম দাগ ছোপ ছাড়া । শুরু থেকে শেষ পর্যন্ত জোরে একটা শব্দ পর্যন্ত হয়নি বলতে গেলে । এই বিয়েতে প্রায় দুই লক্ষের অধিক টাকা খরচ হয়ে যায় যার একটি টাকাও বাবা বা অন্য কেউ শেয়ার করেন নাই ।
ভাইয়া কিছুটা ঋণগ্রস্থ হয়ে পড়ে কিন্তু তাঁর মনোবল থেকে যায় আকাশচুম্বি । এতদিনে আমাদের বাসার মাসিক খরচ আরও বেড়ে ত্রিশ হাজার ছাড়িয়ে স্থিতিশীল একটা অবস্থায় এসে ঠেকেছে । সমস্যা যেটা ক্রনিক তা হল ২৪ ঘণ্টাই আত্মীয় স্বজনদের চিৎকার চেচামেচি হই হুল্লোড় চলতে থাকলো । সারাদিন কেটলিতে চা জাল দেয়া হচ্ছে । যার যখন ইচ্ছা সেই খাচ্ছে । কোন নিয়ম শৃঙ্খলা আর রইল না । সবাই গোষ্ঠী নিয়ে বেড়াতে আসে আম্মাকে দেখার ছলে । যাবার সময় ব্যগ ভর্তি কাপড় চোপড় টাকা পয়সা চুরি করে চলে যায় । এমন কি চুরির ব্যগ আগে ভাগে পাঠিয়ে দিতেও দ্বিধা করেনা ।
আমার সৎ মা দিনে দুই প্যাকেট বিড়ি খায় শুনে আমি কিছুটা বিহবল অবস্থায় ছিলাম । দিনে পঞ্চাশটা বিড়ি খাওয়া চাট্টি খানি কথা নয় । তাঁর সপ্তাহে দুইদিন সিঙ্গাপুরে কথা বলতে হয় । নয় বোনের মধ্যে অন্তত তিন জনকে এনে নিজের কাছে রেখেছে । এই বিষয়ে আব্বার কোন মাথা ব্যাথা আছে বলে মনে হল না । সেও দিব্বি ফ্লোরে শুয়ে শুয়ে বিড়ি টানে । নিজের করামের লোকদের সাথে মস্করা ঠাট্টা করে বেড়ায় । আমার সন্দেহ হত প্রায়-ই যে ভাইয়ার টাকা গুলোকে সে নিজের কিছু মনে করে না । বরং সাঙ্গ পাঙ্গ সহ এই সব লোপাটে সে ব্যস্ত । যেদিন ভাইয়া সবাইকে ছেড়ে চলে যাবে সেদিন তারা টের পাবে ।
আমি এমন শত শত উদাহরণ দিতে পারব যে ভাইয়ার দিল দরিয়া মার্কা আচরন কে আব্বা নানা ভাবে উৎসাহ দিত ।‘ তুমি শুধু চাকুরিজীবীই নও । একজন ব্যবসায়ীও । আর ব্যবসায়ীদের হাত থাকে খোলা । তারা নিত্য দিনের খরচে বিচলিত হয়না । বিচলিত হলে তাদের চলে না । তোমার হয়তো বুদ্ধি বেশি কিন্তু আমার অভিজ্ঞতা বেশি’ – এ জাতীয় কথা বলে তাকে পরোক্ষ ভাবে উৎসাহ যোগানো হত । আমার খুব খারাপ লাগতো এবং আমি এইসবের মোটিভ বুঝতে পারতাম । যার বোঝার দরকার সে না বুঝলে তো আমি নিজেদের মধ্যে বিবাদ তৈরি করে দিতে পারিনা । তাইনা ? তাছাড়া আমি মদ টদ খাই । কিছুটা কোণঠাসা জীবন যাপনে অভ্যস্ত হয়ে পরেছিলাম ।
মানুষের বাসার গড়ে যখন টেলিফোন বিল আসতো ৫ থেকে ৬০০ টাকার মধ্যে তখন আমাদের বাসায় বিল আস্তে শুরু করল সাড়ে সাত থেকে সাড়ে আট হাজারের মধ্যে । আমি বিষয়টা আমার প্রান প্রিয় ভাইয়ের নজরে আনলাম । ততদিনে তাঁর পিঠে সওয়ার হয়ে গেছে নতুন ফ্রাঙ্কেন্সটাইনের ভুত ।
২০ অক্টোবর রাত ৩ টা ১০ মিনিট ২০১৩ ইং ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


