১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাঙালির অসমাপ্ত মুক্তিযুদ্ধের পর
এক নতুন মহাযুদ্ধের অঙ্গীকার নিয়ে আমি রেসকোর্স মাঠ
থেকে যাত্রা শুরু করেছিলাম : আমার মাথার উপর
ঝরছিল বকুল ফুলের মতো অন্তহীন রক্তাক্ত স্মৃতি
অন্তহীন মুক্তিযোদ্ধার ছায়া আমার ছায়ার সাথে
রাইফেল এল এম জি আর গ্রেনেড হাতে
বাংলার ধানক্ষেত নদী ও মেঘলা আকাশের সবটুকু
ভালবাসা নিয়ে পথ হেঁটেছে
বাঙালির স্বপ্নের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকা প্রতিটি
শত্রুর বিরুদ্ধে আমি চিত্কার করে উঠেছি, 'আমার মুক্তিযুদ্ধ
শেষ হয় নি এখনো - বাঙালির মহাযুদ্ধে শরিক আমি';
হঠাৎ চেয়ে দেখি কৃষ্ণচূড়ায় দোয়েল ডাকছে -
মাথাল মাথায় রাখাল ছেলে বাজায় মোহনবাঁশি
সোনালি শস্যে ভরে গেছে গোলাঘর
সুখ আর শান্তিতে সুস্থির বাঙালির ঘর মন প্রান্তর;
তবু দু-তিনটি কুচক্রীকে চিনে রাখি
বাঙালির ভয়ঙ্কর শত্রুকে চোখে চোখে রাখি --
অসমাপ্ত মুক্তিযুদ্ধের পর নতুন মহাযুদ্ধে
তাদের সাথে আমার অন্তিম লড়াই;
আমি সকাল থেকে সন্ধ্যা বারবার
সেই যুদ্ধের দিকে ছুটে যাই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



