সোনাহাট-ভুরুঙ্গামারী যুদ্ধ
মো. নজরুল ইসলাম, এনডিসি
আজ ৮ আগস্ট। ১৯৭১ সালের এই দিনে ভুরুঙ্গামারীর সংকোষ (দুধকুমার) নদীর সোনাহাট ব্রিজে মুক্তিযোদ্ধাদের সঙ্গে পাক বাহিনীর এক রক্তক্ষয়ী যুদ্ধ হয়। এই যুদ্ধে পাঁচ মুক্তিযোদ্ধা শাহাদাৎ বরণ করেন। পাক সেনারাও হতাহত হয়। মুক্তিযোদ্ধাদের পক্ষে যুদ্ধে যৌথ কমান্ড দিই আমি আর কুড়িগ্রামের আবদুল কুদ্দুস নান্নু। সেদিনের সে ভয়াবহ যুদ্ধের কথা মনে হলে আজো গা শিউরে ওঠে।
জুলাইয়ের শেষ সপ্তাহে নদীর পশ্চিম পাড়ে চারটি বাঙ্কার তৈরি করা হয়। আবদুল কুদ্দুস নান্নু ২০ মুক্তিযোদ্ধার একটি প্লাটুন নিয়ে সেখানে অবস্থান করতে থাকেন। আমি পরিকল্পনামতো নদীর পূর্ব পাড়ে যুদ্ধের গোলাবারুদ ও হেডকোয়ার্টারের সঙ্গে যোগাযোগের জন্য প্রস্তুত। এতোদিন পাক-সেনারা ভুরুঙ্গামারী থেকে মর্টার শেল নিক্ষেপ করার মধ্যে তৎপরতা সীমিত রেখেছিল। কিন্তু এ দিন সকাল ৯টায় পাক সেনারা ক্ষেপণাস্ত্রের গোলা ছুড়তে শুরু করে এবং বিরতি ছাড়াই ১২টা পর্যন্ত চালায়। আমি ওপারের খবর জানার জন্য দুজনকে পাঠাই। তারা ফিরে এসে জানায়, স্থলপথে আক্রমণের জন্য পাক সেনারা এক বিশাল বাহিনী নিয়ে সোনাহাট ব্রিজ অভিমুখে আসছে। আবদুল কুদ্দুস নান্নুও গাছে বসানো পর্যবেক্ষণ স্থান থেকে দেখেন, পাঁচটি গাড়িতে পাক-সেনারা রাজাকার ও বিহারিসহ এগিয়ে আসছে।
আমরা অপেক্ষাকৃত উচ্চ ও কৌশলগতভাবে ভালো অবস্থানে। ইতিমধ্যে নিচু ও সমান্তরাল মাঠ দিয়ে অগ্রসরমান শত্রুদের খতম করার লোভ আবদুল কুদ্দুস নান্নু ও তার প্লাটুনের সবাইকে পেয়ে বসেছে। শুরু হয় সম্মুখযুদ্ধ। পেছন থেকে আমি যাতে কোনো সাহায্য পাঠাতে না পারি সেজন্য পাক-সেনারা আমার বাঙ্কার বরাবর ও সামনে নদীতে বৃষ্টির মতো মর্টার শেল নিক্ষেপ করতে থাকে। তবুও আমি এপার থেকে গোলাবারুদ পাঠাই এবং আরো মুক্তিযোদ্ধা পাঠানোর জন্য প্রস্তুত করি। হেডকোয়ার্টার পেছনে হটে আসার নির্দেশ পাঠায়। তখন বিকাল ৩টা। এর মধ্যে আমাদের একমাত্র ৩০৩ এলএমজি অচল হয়ে পড়েছে। সবাইকে কোজ হওয়ার জন্য নির্দেশ দেয়া হয়। কিন্তু নিজ নিজ সুবিধামতো অবস্থানে লড়াই করার ফলে মুক্তিযোদ্ধারা একে অন্যের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে ততোক্ষণে। কিছু মুক্তিযোদ্ধা ব্রিজের নিচে অপেক্ষমাণ নৌকার কাছে জমায়েত হলেও অনেকেই সেখানে এসে পৌঁছায়নি। কিন্তু পাক-সেনারা নদীর পাড়ে এসে পড়ায় আবদুল কুদ্দুস নান্নু নৌকা ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নেন। নৌকা ৩০-৪০ গজ নদীতে আসার পরপরই পাক সেনারা নদীতীরে এসে পৌঁছায় এবং নৌকা টার্গেট করে ব্রাশফায়ার শুরু করে। আমি এপার থেকে গোলাগুলি শুরু করি। কিন্তু এসএলআর ও দুই ইঞ্চি মর্টারের মাধ্যমে তাদের পিছু হটানো যায়নি। নৌকার ওপর কেউ শুয়ে পড়ে। কেউ নৌকা ধরে পানিতে ঝাঁপ দিয়ে নৌকার আড়ালে সাঁতরাতে থাকে। এভাবে নৌকা এপারে চলে এলে পাক-সেনারা ফিরে যেতে থাকে। ফিরে যাওয়ার সময় নদীর পাড়ে বসে থাকা মুক্তিযোদ্ধা মকবুল হোসেন খন্দকারকে গুলি করে হত্যা করে। মকবুল দেরিতে নদীর পাড়ে আসায় নৌকায় চড়তে পারেনি। সাঁতার না জানায় নদীতেও নামেনি।
এ পারে নৌকা ভিড়লে দেখা যায় নৌকার পানি রক্তে লাল হয়ে গেছে। মহসিন নামে এক যোদ্ধা বুলেটবিদ্ধ হয়ে রক্তশূন্য হয়ে মৃতপ্রায় হয়ে পড়ে। অন্য সবাই শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হয়। আবদুল কুদ্দুস নান্নুর মাথায় বুলেটবিদ্ধ। কাঠের তক্তায় রশি বেঁধে তার ওপর শোয়ায়ে আহতদের দ্রুত হেডকোয়ার্টারে পাঠানোর ব্যবস্থা করি। পরে তাদের আসামের ধুবড়ি হাসপাতালে ও বিএসএফ ক্যাম্পে চিকিৎসা দেয়া হয়। মহসিন ধুবড়ি হাসপাতালে মৃত্যুর কোলে ঢলে পড়েন।
যুদ্ধের পর আমাদের ডিফেন্সে শোকের ছায়া নেমে আসে। সন্ধ্যার পর মুক্তিযোদ্ধা আবদুল কাশেমের নেতৃত্বে একটি দলকে অপর পাড়ে বাকিদের খোঁজার জন্য পাঠাই। যারা জঙ্গলে লুকিয়ে ছিল, তাদের খোঁজ মেলে। এ যুদ্ধে মুক্তিযোদ্ধা মহসিন, আবদুল আজিজ, খন্দকার মকবুল হোসেন, মফিজুল হক ও আবেদ আলী শহীদ হন। আবেদ আলীর লাশ পাওয়া যায়নি। শত্রুপক্ষে দুই পাক-সেনা এবং ১২ রাজাকার ও বিহারি নিহত হয় বলে পরে জানতে পারি।
যুদ্ধের আগের পটভূমিও আজ স্পষ্টভাবে স্মৃতিতে উজ্জ্বল। ১৯৭১ সালের যুদ্ধ শুরু হওয়ার পরপরই আমি মুক্তিযুদ্ধে অংশ নিতে চলে যাই। জুন মাসের শেষে ভারতের শিলিগুড়ির মূর্তি পাহাড়ে স্থাপিত মুজিব ক্যাম্পে এক মাসের গেরিলা প্রশিক্ষণ নিই। আমাদের দুই প্লাটুন (আবদুল কুদ্দুসের নেতৃত্বে এক প্লাটুন এবং আমার নেতৃত্বে এক প্লাটুন) মুক্তিযোদ্ধাকে ৬ নং সেক্টরের ভুরুঙ্গামারী উপজেলার সোনাহাট সাব-সেক্টরে (ভারতীয় পাশে আসামের গোয়ালপাড়া জেলার ৮২ বিএসএফ সাব-সেক্টর) পাঠানো হয়। সাব-সেক্টর কমান্ডার ভারতীয় ক্যাপ্টেন অধিকারীর কাছে রিপোর্ট করি। ভারতীয় সোনাহাট রেলস্টেশনে পরিত্যক্ত আধা-পাকা টিনশেডে এই সাব- সেক্টরের হেডকোয়ার্টার। পাশেই ছিল ৮২ বিএসএফ সাব-সেক্টরের হেডকোয়ার্টার। পার্শ্ববর্তী সাহেবগঞ্জে ক্যাপ্টেন নওয়াজউদ্দিনের সাব-সেক্টরের অবস্থান। ৬ নাম্বার সেক্টরের অধীন এ দুই সাব-সেক্টরের দায়িত্ব ছিল কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে অবস্থিত পাক-সেনাদের কোম্পানি হেডকোয়ার্টারে আক্রমণ পরিচালনা করা। ক্যাপ্টেন নওয়াজউদ্দিনের নিয়ন্ত্রণাধীনে সাহেবগঞ্জ কোম্পানি ছিল সাবেক ইপিআর দ্বারা পুনর্গঠিত। ভারতীয় সেনাবাহিনীর ক্যাপ্টেন অধিকারীর নিয়ন্ত্রণাধীন সোনাহাট কোম্পানি ছিল এফএফ বা মুক্তিযোদ্ধা দ্বারা গঠিত। যৌথ বাহিনীর ব্রিগেডিয়ার যোশীর অধীনে এ দুটি সাব-সেক্টরের যুদ্ধ সমন্বয় হতো।
দুঃখের বিষয়, ৮ আগস্ট সোনাহাট-ভুরুঙ্গামারী সম্মুখ যুদ্ধ এবং সাব-সেক্টর সম্পর্কে যথাযথ তথ্য মুক্তিযুদ্ধের ইতিহাসে স্থান পায়নি। ফলে যুদ্ধে যারা বীরত্বপূর্ণ অবদান রেখেছেন ও শহীদ হয়েছেন, তারা প্রকৃত মূল্যায়ন পাননি। সোনাহাট-ভুরুঙ্গামারী সাব-সেক্টর পরে সাহেবগঞ্জ সাব-সেক্টরের সঙ্গে একীভূত হয়ে যাওয়ার কারণে এই যুদ্ধ ও সোনাহাট সাব-সেক্টরের কথা ইতিহাসে হয়তো স্থান পায়নি। ফলে মুক্তিযুদ্ধের একটি উজ্জ্বল ও গুরুত্বপূর্ণ অধ্যায় রয়ে গেছে বিস্মৃতির অন্তরালে। যুদ্ধে আত্মদানকারীদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আজ এই যুদ্ধ ও সাব-সেক্টরের প্রকৃত ইতিহাস রচনার সময় এসেছে।
স্বাধীনতার পর আবদুল কুদ্দুস নান্নু আর আমি রংপুরে নবনির্মিত মেডিকেল কলেজ ভবনে রংপুর-দিনাজপুর অঞ্চলের প্রায় চার হাজার মুক্তিযোদ্ধাকে সংগঠিত করি। পরে যা ন্যাশনাল মিলিশিয়া নামে পরিচিতি লাভ করে। পরে দিনাজপুরে আগত বঙ্গবন্ধুর নির্দেশমতো তৎকালীন মন্ত্রী ও যুদ্ধকালে উত্তরাঞ্চলীয় লিবারেশন কাউন্সিলের প্রশাসক মতিয়ার রহমানের উপস্থিতিতে রংপুর মেডিকেলে অস্ত্র ও গোলাবারুদ সমর্পণে আমি নেতৃত্ব দেই ও মুক্তিযোদ্ধাদের পক্ষে বক্তব্য রাখি। রংপুর স্টেশন রোডস্থ পরিত্যক্ত `বিল্ডার্স স্টোরে' `রংপুর জেলা মুক্তি সেনানী সংস্থা' নামে মুক্তিযোদ্ধাদের একটি সংগঠন আত্মপ্রকাশ করে। এই সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি করা হয় আমাকে। এই অফিস ও সংগঠনই পরে `বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ' রংপুর জেলা কমান্ড হিসেবে রূপান্তরিত হয়। আবদুল কুদ্দুস কুড়িগ্রামে (তৎকালীন মহকুমা) মুক্তিযোদ্ধাদের সংগঠিত করেন।
মো. নজরুল ইসলাম, এনডিসি:
বিনিয়োগ বোর্ডের সাবেক নির্বাহী চেয়ারম্যান,
মুক্তিযুদ্ধকালীন ৬ নাম্বার সেক্টরের প্লাটুন কমান্ডার।
লেখাটির জন্য ক্লিক করুন-
Click This Link
লাল ব্রীজ ছোঁয়ার স্বপ্ন

আমার নানাবাড়ি যেতে হলে পদ্মা নদী পার হতে হতো। ঘাটে ফেরীর জন্য অপেক্ষা করাটাও ছিল এক ধরনের আনন্দ। ফেরী কিংবা ফেরীঘাট—দুটোই ছিল আমার কাছে দারুণ মজার জায়গা।
ঘাটের... ...বাকিটুকু পড়ুন
মেজর জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসানঃ ঔদ্ধত্যের আড়ালে মনস্তত্ত্ব...
মেজর জেনারেল বরখাস্ত জিয়াউল আহসানঃ ঔদ্ধত্যের আড়ালে মনস্তত্ত্ব...
একজন মানুষ যখন দীর্ঘদিন রাষ্ট্রীয় ক্ষমতা, কর্তৃত্ব ও প্রভাবের বলয়ে বসবাস করে, তখন অনেক সময় তার মধ্যে এমন এক মনস্তত্ত্ব তৈরি হয়- নিজেকে... ...বাকিটুকু পড়ুন
সে রাজি না
সে রাজি না
সাইফুল ইসলাম সাঈফ
সে রাজি না, সে রাজি না
সে বলে দিয়েছে সে হবে না
দিনগুলো চলে যায় অযথা
একাকীত্বে সুখ মিলে না!
কেন সময় থাকতে ছুটলাম না
কেন থাকলাম বিরত?
চেহারায় পড়ে গেছে বিষণ্ণতার... ...বাকিটুকু পড়ুন
আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!
আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!
কোনো দেশ, জাতি, গোষ্ঠী কিংবা মানুষ বিপর্যয়ের মুখে পড়লে অনেক কিছু শেখার থাকে। সংকটের সময়ই মানুষের প্রকৃত পরিচয় প্রকাশ পায়। যেমন আজকের... ...বাকিটুকু পড়ুন
তবুও পাশাপাশি

দুটো আলাদা ডালে। ডাল দুটো বেশ দূরে । তারপরও তারা একে অপরের খুব কাছে। এই মেঘলা বিকেল মনে হচ্ছে সন্ধ্যার আধো ছায়ায়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।