আমার সংগে ঘুমোবে, কবিতা?
আমার সংগে ঘুমোবে?
শরীর জুড়ে আমার মহাজাগতিক ক্লান্তি,
মহামারির মত ছড়িয়ে পড়ছে কোষ হতে কোষে!
ইন্দ্রলুপ্ত মস্তিষ্কে ভারাক্রান্ত আমি
ইলিশ মাছের চোখে তাকিয়ে আছি
তোমার দিকে।
আমার খাতায় তুমি ছড়িয়ে আছো
অক্ষর হয়ে, পংতি হয়ে,
দাঁড়ি কমা এবং সেমিকোলন হয়ে,
নক্ষত্র খচিত আকাশে জ্বলজ্বলে তারার মত!
.
আমার সংগে ঘুমোবে, কবিতা?
আমার স্থলিত দেহকে তাঁতিয়ে তুলতে চেয়েছে
চাঁদ- পবন আর নারী।
ফললাভের আশা ছেড়ে দিয়ে আমি
ফলপ্রসু চাষাবাদ করেছি আমার
সাড়ে দশ বাই আট ইঞ্চি কাগজের ক্ষেতে অবিরাম।
ছেনালি করি নি।
আলস্য করি নি।
প্রেমিকারা শুধু ঘুমোতে চায়,
তাদের চোখে ঘুম
তাদের ওষ্ঠে ঘুম
তাদের শঙ্খস্তনের স্তননে ঘুম
তাদের দেহ জুড়ে কেবল ঘুম আর ঘুম
আমার চোখে যে ঘুম নেই,
তাই আমার সংগে তুমি ঘুমোবে কবিতা?
বন্ধুরা যখন সদ্য গজিয়ে ওঠা গোঁফের রেখা নিয়ে মহা অস্বস্তিতে
আরব্য রজনীর রাজকন্যা তখন আমার শিয়রে বসে
হাজার রাত্রি ধরে শুনিয়ে গেছে গল্প।
যাবার আগে, সেই যে তোমার হাতে আমার হাত ধরিয়ে দিল
সেই থেকে আমার চোখে আর ঘুম নেই, কবিতা।
বলো, ঘুমোবে আমার সংগে?
তুলির আঁচড়ে জীয়ল ফিনিক্স আঁকার কথা ছিল আমার
দিনের শেষে আমি আজ ইতিহাসের মুদ্দোফরাস।
তাই বলে কি আমার ঘুম আসতে নেই?
,
কতবার রঙিন পানীয় হাতে নিয়ে ঝাঁপিয়ে পড়েছি লেখার খাতায়
পাতিকাকের মতন দলবাজ পাতিকবিদের হাতে নিজের জিভ কেটে ধরিয়ে দিয়ে বলেছি
কবিতা বেচে খেতে আসি নি, কবিতা আমায় খাক!
কবিতার বেসাতি বন্ধ করে
তোদের প্রভুর গদির চার দিকে তোরা পা ছড়িয়ে শুয়ে থাক!
তুমি দেখো নি? শোন নি? বোঝ নি?
.
তোমার হাটে ঘাটে কত প্রেমিক ,
আয়োনিয়ান সাগর তীরে ট্রয়ের উপাখ্যান থেকে নিয়ে
ভারত মহাসাগরের তীরে রাম রাবনের যুদ্ধ
সব, সব ছিল তোমার আর আর কোন প্রেমিকের প্রণয়ের ফসল।
অথচ সুমেরীয় আখ্যানে তুমি উরুকের রাজা ছিলে
আর আমি এনকিদু...
.
আজকের পোড়া পৃথিবীতেও,
সবচেয়ে কাঠপ্রেমিক লোকটা চাঁদ দেখে সর্বাগ্রে ভাবে তোমার কথা।
অনুযোগ তো করি নি কখনো!
কবির মা থাকতে হয় না,
তাই নরোম জাজিমে আমি গাড় লাল চাদর বিছিয়ে আমি অপেক্ষা করছি -
শিশার মত ভারী পাপড়ি আমার,
আমার শরীরে ঘুম নেই, চোখে ঘুম
তবুও আমার পাশে শুতে নেই কবিতা?
আমার সংগে তুমি ঘুমোবে না?
.
painting: The Debilitated Muse -
Danielle Ofri


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


