খুব ছোটবেলায় যখন সবেমাত্র পড়াশুনা নামক ব্যাপারটা শুরু হয়েছে তখন পড়তাম 'অ' তে 'অজগর' সাথে বিশাল অজগরের ছবি আর লেখা 'অজগরটি আসছে তেড়ে'। 'আ' তে 'আম' সাথে টসটসে আমের ছবি আর লেখা 'আমটি আমি খাব পেড়ে'। 'A' তে 'Apple' - 'আপেল খেলে শক্তি হয়'। 'B' তে 'Bat' - 'ব্যাটিং করা (ক্রিকেট) সহজ নয়'।
সেই তখন থেকেই মাথার মধ্যে গেথে গিয়েছিল আপেল খেলে বুঝি সত্যিই শক্তি হয়। চেষ্টা করতাম বেশি বেশি আপেল খেতে। আর তখন আপেল ছিল বেশ বনেদি একটা ফল। মাঝে সাঝে বাসায় এর দেখা পেতাম। জায়গা বিশেষে (আমাদের গ্রামের দিকে) এর পরিচিতি ছিল 'বিলেতি ফল' হিসেবে। এই বিলেতি ফল এখন আমার গাছে আল্লাহর রহমতে এত পরিমান ধরে যা খেয়ে এবং দিয়েও শেষ হয় না। এছাড়া বড় এক ধরনের মিষ্টি রড়ই ছিল যেটা পরিচিত ছিল 'বিলেতি বড়ই' হিসেবে (কোথাও কোথাও অবশ্য ঢাকাইয়্যা বা কলকাইত্যা বড়ই হিসেবেও পরিচিত ছিল)। অথচ বিলেতে এই জিনিস হয় না। তাছাড়া 'বিলেতি ধৈন্যাপাতা'র (অনেক যায়গায় 'কলকাইত্যা' বলতেও দেখেছি) কথা মনে আছে কিনা জানি না। আর গ্রামে-গঞ্জে গায়ে মাখার সাবান বলতেই বুঝাত 'বিলেতি সাবান' কে।
জানিনা সেই সময়কার লোকজন এই 'বিলেতি' কনসেপ্ট কোথায় পেয়েছিল? তবে আগে দেখেনি বা আনইয়্যুজুয়াল কোন কিছু দেখলেই সেটা হয়ে যেত 'বিলেতি'। খুব সম্ভবত আমাদের এই সাব কন্টিনেন্টে দীর্ঘদিন ধরে চলা "বিলেতি" শাসনের ফল।
২০০১ সালের দিকের কথা। 'বিলেতে' পড়াশুনা করতে আসবো বলে 'বিলেত' এ্যামব্যাসিতে গেছি কাগজপত্র জমা দিতে। পাশাপাশি ৩/৪ টা কাউন্টারে কাগজপত্র জমা নিচ্ছে আর মুল ইন্টারভিওর ডেট দেওয়ার আগে হালকা পাতলা প্রাক-ইন্টারভিও সারছে। আমি কোনরকম ঠেক দেওয়া ইংলিশে কাজ সারছি। পাশের কাউন্টারে প্রায় পঞ্চাশোর্ধ এক সিলেটি মহিলার প্রাক-ইন্টারভিও চলছে দোভাষীর সহায়তায়।
দোভাষীর প্রশ্ন :
- আফনে 'বিলাত' যাইতা খিতার লাগি?
মহিলার কিছু একটা উত্তর যার আগা-মাথা কিছুই বুঝি নাই!
পরের প্রশ্ন - 'বিলাত'ও আফনার খে খে আছে?
মহিলার উত্তর - দামান্দ....ফুরি...এরপর আর বুঝি নাই!
'বিলাত' এসে আমার 'আংরেজীর' উন্নতির পাশাপাশি মাশাআল্লাহ্ 'সিলটি' ভাষার উপরও দক্ষতা বেড়েছে ব্যাপক হারে। আমার এক সিলেটি বন্ধুর ভাষায় - অরিজিনাল সিলেটি ভাষা এখন খুজে পাওয়া যাবে সিলেটের প্রত্যন্ত গ্রামে এবং 'বিলাতে'।
.....তবে স্বীকার করতেই হবে 'বিলেতে' দলাদলির অংশটা বাদ দিলে (কখনো সম্ভব বলে মনে হয় না!!!) বাঙালী কমিউনিটির আজকের এই শক্ত অবস্থানের পিছনে সিলেটি লোকগুলোর অবদানই সবচেয়ে বেশী। তাছাড়া ভাষাগত এবং কিছু আঞ্চলিকতার সমস্যা (সিলেটের বাইরে সবাই 'ঢাহাইয়্যা!!!) বাদ দিলে মানুষগুলো আসলেই বড় 'মহব্বতওয়ালা'।
সর্বশেষ এডিট : ১৩ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




