অতীত পায়চারি করে পায়ে পায়ে
একবার দুইবার বারবার ঠেলে দিয়ে যায়
ঘনঘোর অমানিশায়।
এই শীত,
পোয়াতি কুয়াশার
বেড়ীতে বেঁধে রাখে
অতীত অতলে, খতিয়ানের ধ্বংসনে।
অধরা, তোমার নামের যে ভস্মাধার
তা নিয়ে ছিনিমিনি অনেক হলো
জেগে থেকে অনেক ঘুমিয়েছো
এইবার তোমার ঘোমটা খোলো।
তোমার সেই দৃষ্টি
যা দিয়ে অভিমানী খেয়ায়
অনেকদূর ভাসিয়ে নিয়ে গেছো
অথবা ভেসে আছো লতাগুল্মপাতা ধরে
এইবার নোঙর ফেলো।
হাওয়ারা ঘোরে
দক্ষিণ হতে উত্তরে যায়
দশদিকে রব তোলে
রাত বিরাতে, সময়ে অসময়ে
মৌচাকে ঢিল ছুড়ে
যুথমেঘ হয়ে নেমে আসে
মাটিতে মিশে যায়, আমাকে মিশিয়ে যায়!
প্রলুব্ধ অন্ধকারে
আমাদের খুনশুটি ফুল হয়ে ফুটতো
অভ্রকণায় এক দুই তিন চার
হাজারো প্রজাপতির ওড়াওড়ি
পরাগের দ্বার খুলে
আমাদের আমাদের ভালোবাসায়
রচিত হতো অশৃঙ্খলের হাতিয়ার।
অথচ অন্ধকারের শৃঙ্গারে আজ মৌণবিলাস।
সর্বশেষ এডিট : ২৬ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



