ইবাদত
তুমি তো আমাকে চিনোই না
তবুও প্রতিনিয়ত তোমাকে খুন করি
তোমার অবয়বের মূর্তি গড়ি
তোমার চরণে ফুল এবঙ প্রসাদ রেখে
ভালোবাসার বিশুদ্ধ উচ্চারণে
হই তোমার পুরোহিত!
একে একে জপে চলি তসবির গোটা গোটা দানা
যা কেবল তোমার নামের স্বীকৃতি দেয়!
এইসব
এইসব ভুলে থাকা; ভুলে থাকার চেষ্টা
এইসব দেখা; না দেখার ভান
এইসব সকাল; সূর্য না জাগার গল্প
এই সব রাত; জোছনা না বিলানোর অভিযোগ
এইসব আলপথ; না হাঁটার ইতিকথা
এইসব ব্যস্তদিন; একাকীত্বের দূর্ভাবনা
এইসব আবেদন; না বুঝার চেষ্টা
এইসব কানাগলি; অন্ধকারের হস্তমৈথুন
এইসব বিরহ; বুঝেও না বুঝার আয়োজন
এইসব অভিশাপ; প্রাণখোলা হাসি
এইসব তুমিময়; তুমিতে তুমি
আমার আমি গিয়েছে শালমহুয়ার বনে
সংগোপনের সারসংক্ষেপ অভিসার!
আড়াল
খুনি হতে ইচ্ছে করে
ইচ্ছে করে জোর করে
ফুলস্টপ বসিয়ে দেই
কবিতার মাঝামাঝি!
যেখানে কেবল আঁধার
আর,
অর্ণবের উথাল পাথাল ঢেউ
নিশি জাগা চোখ
চুপচাপ চলে যায়
দৃশ্যখাদকের আড়ালে...
স্মৃতি
বলি, বৈশাখ এলেই কেন এমন হয়
কেন কর্কশ রোদে ঘর্মাক্ত শরীর বেয়ে নামে
দীর্ঘশ্বাসের মেলানকলি!
কেন আকাশ মাটি জল জমা পড়ে
মদের গেলাসে, কেন চুম্বন বিষয়ক
জ্ঞান একই কেন্দ্রে স্থির হয়ে এঁকে যায় বৃত্তচাপ!
বলি, বৈশাখে কেন স্থির হয়ে যায় বাতাস
কেন বাগানবিলাসের সেনিটোরিয়ামে
হঠাৎ দমকা হাওয়া শিলা বৃষ্টি!
বলি, বৈশাখ এলেই কেন এমন হয়
কেন আলোর ছড়াছড়িতে
অন্ধকারের রচনা সংগ্রহ!
বৃত্তায়ন
কেন্দ্রে স্বঘোষিত হার, কম্পাস কাঁটায় সে হারের বৃত্তায়ন
আমি আঁকি ফুল, সে হয় বীজ
আমি আঁকি গোধূলি, সে হয় নিশুতি রাত
আমি গাই প্রভাত সঙ্গীত
সে হয় ভারী রাগের তানপুরার টুংটায়
আমি আঁকি সে নেয় রূপ
আমি গাই সে বাজায় আপন সুর
আমি করি হারের বৃত্তায়ন; সে হয়
ফুলের সুবাস, ছড়ায় আপনাকে ছাড়িয়ে
এখানে ওখানে অই দূরে দূরে
কেন্দ্র পড়ে থাকে বিন্দু, আপন আপন!
মরুফুল
গোপন ফুল গোপনে ফুটে যায়
ঘ্রাণ কিছু ছড়ায় ইথারে, এখানে ওখানে
আমি অঁজোপুকুরে ডুব দিয়ে
অতলের খবর জেনে নিয়ে কোথায় যাই
কোথায় হারাই, কিভাবে কোথায়
কোন মেঘের ডাকপিয়ন হয়ে যাই
কোন রোদ্দুরের পরাগ ছুঁয়ে
কোন কোথায় সূচনা করি নির্জীবপলি!
অথবা,
পপিফুল; ঘুমঘোর জীবন!
সূচনা
কথা কী হলো কিছু চুপচাপ, না সব এলোমেলো
কথা কী তবে নৈঃশব্দবতীর আরাধণা
শিল্পের অনুক্ত প্রাচীন মানবের গুহাচিত্র!
আমি আঁকি ফুলের সমাবেশ গুহার দেয়ালে দেয়ালে
তুমি এসে দেখে যাও নৈঃশব্দবতী, আমার
ইবাদতে কতোটা আছো তুমি, তুমি কতোটা কী।
সর্বশেষ এডিট : ০৩ রা মে, ২০১৪ রাত ১১:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



