প্রতি বছর শীতের শুরুতে সুদূর সাইবেরিয়া থেকে বিভিন্ন প্রজাতির পাখি অপেক্ষাকৃত কম শীতের অঞ্চল বাংলাদেশে পাড়ি জমায়। বাংলাদেশের কিছু নির্দিষ্ট কিছু জায়গায় এসব পাখি কয়েক মাসের জন্য আবাস গড়ে, যার মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অন্যতম। এরা সাধারণত অক্টোবরের শেষে বা নভেম্বরের শুরুতে আসে এবং মার্চের শেষের দিকে চলে যায়।
গত বছর তৎকালীন উপাচার্য শরীফ এনামুল কবীর প্রশাসনের নেয়া সিদ্ধান্তে লেকগুলো বাণিজ্যিক ভিত্তিতে মাছ চাষের জন্য লিজ দেওয়ায় রাসায়নিক সার ও কীটনাশক প্রয়োগের ফলে আগত পাখির সংখ্যা ছিল খুব কম। কিন্তু বর্তমান উপাচার্য দায়িত্ব নেওয়ার পর ৪টি লেকের লিজ বাতিল করা হয়। এছাড়াও লেকগুলোতে লাল শাপলা লাগানো হয়েছে। বর্তমানে শাপলা ফুটে নয়নাভিরাম দৃশ্যের পাশাপাশি পাখিদের খাদ্য সংস্থান হয়েছে। ফলে অন্যান্য বছরের ন্যায় এবারও ক্যাম্পাসের ১৩টি লেকের মধ্যে ৩/৪টি লেকে অতিথি পাখি আসতে শুরু করেছে। তবে সবচেয়ে বেশি পাখি এসেছে প্রশাসনিক ভবনের লেকটিতে।
এসব লেকের চারপাশে কাটাতারের বেড়া দেয়া হয়েছে এবার যাতে করে দর্শনার্থীরা পাখিগুলোকে বিরক্ত করতে না পারে। লেকের পাড়ে প্রচারনামুলক ফেস্টুন লাগানো হয়েছে। এছাড়াও প্রশাসনের পক্ষ থেকে আরো কিছু পদক্ষেপ নেয়া হয়েছে।
যেমনঃ
১। বিশ্ববিদ্যালয়ের কবীর সরণি থেকে চৌরঙ্গী মোড় পর্যন্ত এলাকাকে পাখিদের অভয়ারণ্য হিসেবে ঘোষণা করা হয়েছে।
২। এ এলাকায় মাইক, সাউন্ড বক্স, গাড়ীর হর্ণ ইত্যাদি বাদ্যযন্ত্র নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
৩। দ্রুত গতিতে মোটর সাইকেল চালানো নিষিদ্ধ।
৪। পাখি ধরা ও মারা কে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ঘোষণা করা হয়েছে।
প্রতিদিনই প্রকৃতি ও পাখি প্রেমীদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে এখানে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও প্রতিদিন দল বেঁধে ভিড় জমায় পাখি দেখতে। আশা করা যাচ্ছে যে কয়েকদিনের মধ্যেই হাজার হাজার পাখির কলতানে মূখর হয়ে উঠবে দেশের এই একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয়ের আঙিনা।
জানা গেছে যে, জানুয়ারীর শেষ সপ্তাহে বিশ্ববিদ্যালয়ে "পাখি মেলা"র আয়োজন করা হবে।
সর্বশেষ এডিট : ১২ ই নভেম্বর, ২০১২ রাত ৯:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



