সিপিবি বর্তমানে চারদলীয় জোটকে অপসারণের জন্য আওয়ামী লীগের সাথে যুগপৎ আন্দোলন করে আসছে। যুগপৎ আন্দোলন বলতে সিপিবি কী বোঝায় তা সব সময় আমাদের কাছে স্পষ্ট নয়। রাস্তার অবস্থা অনুসারে আন্দোলনরত বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের মধ্যে রাস্তায় এক ধরনের অনির্ধারিত ঐক্য গড়ে উঠে। এ ধরনের ঐক্যের সম্ভাবনা ও প্রয়োজন আছে। কিন্তু এ ধরনের ঐক্যের উপর বেশি জোর ও আশা করলে ভয়াবহ পরিস্থিতির উদ্ভব হতে পারে।
সাধারণ শত্রুর বিরুদ্ধে বিভিন্ন গোষ্ঠীর ঐক্যের একটি দৃষ্টান্ত আমাদের মহান মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধে এ দেশের সকল মানুষ অংশগ্রহণ করেছিল। পাক হানাদার বাহিনীর অবৈধ জবর-দখল উচ্ছেদ ছিল এ ঐক্যের ভিত্তি। কিন্তু এ সাধারণ ঐক্যের চালিকা শক্তি ছিল বেসামরিক-সামরিক চাকুরীজীবীরা। এ কথা সত্য যে, চাকুরীজীবীরা তাঁদের এ দেশপ্রেমিক দায়িত্ব প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমেদের নেতৃত্বে পালন করেছিলেন। কিন্তু তাজউদ্দীন আহমেদ ছিলেন রাজনৈতিক ও সাংগঠনিকভাবে সম্পূর্ণ বিচ্ছিন্ন ব্যক্তি।
প্রেসিডেন্ট ইয়াহিয়া, শেখ মুজিব ও জুলফিকার আলী ভুট্টোর দিক থেকে তখনকার সমস্যাটা ছিল তিন জনের জন্য দু’টি পদ থাকা। ঢাকায় তাঁরা ‘তিন ব্যক্তির জন্য দুই আসন’ সমস্যার সাময়িক আপস মীমাংসা করেছিলেন যে, পূর্ব পাকিস্তানে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে নিখিল পাকিস্তান আওয়ামী লীগের প্রাদেশিক সরকার, পশ্চিম পাকিস্তানে জুলফিকার আলী ভুট্টোর নেতৃত্বে পাকিস্তান পিপুলস পার্টির প্রাদেশিক সরকার ও কেন্দ্রে প্রেসিডেন্ট ইয়াহিয়ার নেতৃত্বে কেন্দ্রীয় সরকার গঠিত ও পরিচালিত হবে। জনগণের স্বাধীনতার লক্ষে্য পরিচালিত তীব্র গণ-আন্দোলনে এই রাজনৈতিক মীমাংসা তছনছ হয়ে এমন এক পরিস্থিতির উদ্ভব হয় যেখানে নিখিল পাকিস্তান আওয়ামী লীগ সম্পূর্ণ ধ্বংস ও বিলুপ্ত হয়।
প্রেসিডেন্ট ইয়াহিয়ার সাথে আলোচনায় শেখ মুজিবুর রহমানের আইন উপদেষ্টা হিসেবে আলোচনায় অংশগহণ করেছিলেন ড: কামাল হোসেন। ডঃ কামাল হোসেন দুই দিন কোন দিকে না তাকিয়ে কঠোর পরিশ্রম করে উপরে বর্ণিত ‘দুই আসনের জন্য তিন নেতা’র রাজনৈতিক মীমাংসার চূড়ান্ত দলিল প্রণয়ন করে ২২ মার্চ যখন দলিলটি দেবার জন্য শেখ যখন মুজিবুর রহমানের বাড়ি যাচিছলেন তখন সর্বত্র তিনি স্বাধীন বাংলাদেশের পতাকা বিক্রি হতে দেখে অবাক হন। প্রেসিডেন্ট ইয়াহিয়ার অধীনে প্রাদেশিক সরকারের ঝোলাধারী ড: কামাল হোসেন স্বাধীন বাংলাদেশের পতাকা বিক্রিতে আশ্চর্য হবেন বৈ কি! এই কিংকর্তব্যবিমূঢ় ভদ্রলোক যে আমেরিকার কনসুলেটের মাধ্যমে পাক-হানাদার বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিলেন তাও কোন আকস্মিক ও অস্বাভাবিক ঘটনা ছিল না।(স্বায়ত্তশাসন থেকে স্বাধীনতাঃ ড: কামাল হোসেন)
১৯৭১ সালের ২৩ মার্চ ড: কামাল হোসেনের লিখিত নিখিল পাকিস্তান আওয়ামী লীগ কর্তৃক প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের কাছে প্রদত্ত খসড়া ঘোষণাপত্রে বলা হয়েছিল,“(গ) “বাংলাদেশ রাজ্য” মানে প্রারম্ভিক দিনের অব্যবহিত আগে পূর্ব পাকিস্তান প্রদেশ নামে পরিচিত অঞ্চল;”। ২৩ মার্চ পর্যন্ত নিখিল পাকিস্তান আওয়ামী লীগের দাবি ছিল- “বাংলাদেশ রাজ্য” নামে তাঁদের অকৃত্রিম প্রাদেশিক স্বায়ত্তশাসন!
ড: কামাল হোসেনের প্রণীত ১৯৭১ সালে ২৩ মার্চ প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের কাছে প্রদত্ত “আওয়ামী লীগের খসড়া ঘোষণাপত্র”- পাঠ করলে যে কারও একটি গল্প মনে পড়বে। এক মৌলবি গ্রাম্য জালসায় বেহেস্তে মুমিনদের প্রাপ্য হুর-গেলমানদের রূপের রসালো বিবরণ দিল। এই জালসায় উপস্থিত মেয়েরা বেহেস্তের বিবরণে শুধু পরহেজগার পুরুষদেরই আমোদ-ফুর্তির ব্যবস্থা দেখে, বেহেস্তে মেয়েরা কী কী পাবে জানতে উৎসুক হয়ে উঠল। পরের দিন সকালে মৌলবী সাহেবকে নাস্তা দেবার সময়ে গৃহিণী মৌলবিকে জিজ্ঞাসা করলো: আচ্ছা মৌলবি সাব, বেহেস্তে উনারা এক এক জন ৭০টা করে ১৪ বছরের হুর পাবে, গতরে লোম না উঠা গেলমান পাবে, তয় হামরা মেয়েরা কী পামু? মৌলবি সাহেব বললেন,“কেন, তোমরা সবাই নিজ নিজ সোয়ামিদের পাবা।” মৌলবি সাহেবের উত্তর শুনে গৃহিণী মর্মান্তিক হতাশায় বলে উঠলেন, “হায়, উখানেও খাদিজার বাপ!” ১৯৭১ সালের মার্চে বাংলাদেশের কোথাও পাকিস্তান ছিল না। কোথাও পাকিস্তানের পতাকা ছিল না। কোথাও পাকিস্তান সরকার ছিল না। পাকিস্তান ছিল শুধু মাত্র নিখিল পাকিস্তান আওয়ামী লীগের খসড়া ঘোষণায়! আর মানুষ সে ঘোষণাপত্র আন্দাজ করে মর্মান্তিক যন্ত্রণায় গর্জে উঠেছিল, “ উখানেও প্রেসিডেন্ট ইয়াহিয়া খান!”
এ প্রসঙ্গে যা কিছু পরবর্তীতে বলা সম্ভব ছিল তা ১৯৭২ সালের ৯ এপ্রিল আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনে সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহমদের রিপোর্টে লিপিবদ্ধ আছে।
“১৬ই থেকে ২৪শে মার্চ পর্যন্ত বিভিন্ন দফায় এই আলোচনা অনুষ্ঠিত হয়। প্রথমে বঙ্গবন্ধু এককভাবে ইয়াহিয়ার সঙ্গে মিলিত হন। দ্বিতীয় পর্যায়ে আওয়ামী লীগের উচ্চতম পর্যায়ের পাঁচ জন নেতাসহ বঙ্গবন্ধুর সঙ্গে ইয়াহিয়া পরে আলোচনা হয়। তৃতীয় পর্যায়ে আওয়ামী লীগের পক্ষ থেকে তিনজন বিশেষজ্ঞ কেন্দ্রীয় সরকারের তিনজন বিশেষজ্ঞের সঙ্গে অর্থনৈতিক ও রাজনৈতিক মতা বণ্টনের বিষয় আলাপ করেন। এ সব আলোচনার ফলে যেসব বিষয়ে মতৈক্য স্থাপিত হয়, তা হল:
(১) ১৯৪৭ সালের ভারতীয় স্বাধীনতা আইনের অনুসরণে প্রেসিডেন্টের ঘোষণাবলে সামরিক শাসন প্রত্যাহার করে নিয়ে বেসামরিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরিত করা হবে।
(২) জেনারেল ইয়াহিয়া প্রেসিডেন্ট পদে বহাল থাকবেন ও কেন্দ্রীয় সরকার তাঁর নিয়ন্ত্রণে থাকবেন।
(৩) প্রদেশসমূহে সংখ্যাগরিষ্ঠ দলের হাতে ক্ষমতা হস্তান্তরিত হবে।
(৪) জাতীয় পরিষদের পূর্ব ও পশ্চিম পাকিস্তানি সদস্যেরা প্রথমে পৃথকভাবে মিলিত হবেন, পরে পরিষদের পূর্ণ ও অর্থাৎ যুক্ত অধিবেশনে সংবিধানের চূড়ান্ত রূপদান করা হবে।
এই মতৈক্যের পরে অন্তর্বর্তীকালীন সংবিধানের খসড়ার চূড়ান্ত রূপদানের পথে আর কোন বাধা ছিল না। তাই ২৪শে মার্চে সাংবাদিকদের আমি বলেছিলাম যে, আওয়ামী লীগের পক্ষ থেকে আর আলোচনার মত কোন বিষয় নেই।” এত কাল পরে মন্তব্য নিষ্প্রয়োজন!
আমরা জানি না বিবিসি কেন শেখ মুজিবুর রহমানকে ‘হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি’ বলে তাঁকে অপমান করেছেন? কারণ তিনি, আমাদের সীমাবদ্ধ ইতিহাসের জ্ঞান অনুসারে, নিখিল বিশ্বে সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাজনীতিবিদ। পৃথিবীর কোন নেতা গোটা বাঙালি জাতি এবং গোটা পাকিস্তান সেনাবাহিনীর মতো দুই বিশাল বাহিনীর যুদ্ধের প্রাক্কালে উভয় পক্ষের চিত্তহরণ করা ৭ মার্চের মতো বক্তৃতা করেছেন? কোন নেতা একটি দেশের অখণ্ডতা ধ্বংস করার পরও দেশ ভাঙার ২৪ দিনের মাথায় কোন অভিযোগ না থাকায় ‘মুক্তিলাভ’ করে সসম্মানে ভাঙা অংশের ‘জাতির জনক’ হিসেবে অভিসিক্ত হয়েছেন? মানব জাতির ইতিহাসে শেখ মুজিবুর রহমান ব্যতীত আর কারও পক্ষে এ অকল্পনীয় কাণ্ড সম্পাদন করা সম্ভব হয়েছে বলে আমাদের জানা নেই। বিশ্ব ইতিহাস বিশেষজ্ঞমণ্ডলীকে আওয়ামী লীগ চ্যালেঞ্জ জানাতে পারেন যে, এই দুই প্রশ্নের মানদণ্ডে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কোন দূরতম প্রতিদ্বন্দ্বীও তাঁরা সবাই মিলে খাড়া করতে পারবেন না।
ঘটনার পর ঘটনার ব্যাখ্যা ইতিহাসবিদদের কাজ। রাজনীতিবিদদের কাজ ঘটনার আগেই ঘটনা সম্পর্কে জনগণকে সচেতন ও প্রস্তুত করা। এ বিচারে তৎকালীন পূর্ব পাকিস্তানে প্রকাশ্যে সক্রিয় কোন দলই দলগতভাবে ১৯৭১ সালের ১০ এপ্রিলের ’স্বাধীনতার আদেশ ঘোষণা’র আগে স্বাধীনতার কোন কর্মসূচী জনগণের সামনে হাজির করেন নি। ঘটনার পর ব্যাখ্যাকারী বুদ্ধিমানরা এখন পর্যন্ত বলে আসছেন প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের সামরিক আক্রমণের পরে স্বাধীনতার ঘোষণা করা হয়েছিল! এই সেয়ানা অতি-বুদ্ধিমানরা দয়া করে আমাদের কি বলবেন যে, পাক-হানাদার বাহিনী আক্রমণ না করলে আপনারা কি স্বাধীন হতেন না!!!?? বাস্তবে, প্রেসিডেন্ট ইয়াহিয়া খান স্বাধীনতার জন্য গণ-অভ্যুত্থান দমনে সামরিক ব্যবস্থা গ্রহণ করেছিলেন। প্রাপ্ত উদ্ভূত পরিস্থিতিতে জনাব তাজউদ্দীন আহমেদ বাংলাদেশ সরকার গঠন করেছিলেন । এ ধরনের গণ-অভ্যুত্থানে গঠিত সরকার আইনের ধারাবাহিকতায় গড়ে উঠে না। তাই আইনী দৃষ্টিকোণ থেকে বাংলাদেশ সরকারের সীমাবদ্ধতা নিয়ে উল্লসিত অথবা বিব্রত হবারও কোন অবকাশ নেই। শুধু তাই নয়। জনগণের আকাঙ্ক্ষা অনুসারে গঠিত এ সরকার তার গঠনের আইনগত বৈধতার পটভূমি সম্পর্কে নিজেরা যাই বলুক সে বলার কোন বাস্তব গুরুত্ব নেই। এ ধরনের গণ-অভ্যুত্থানে গঠিত সরকারের যৌক্তিকতা নির্ভর করে তাদের পরবর্তী কাজের সাফল্যের ওপর- পেছনের আইনগত বৈধতার ওপর নয়। এ সরকার গঠনের লক্ষ্য ছিল স্বাধীন দেশ প্রতিষ্ঠা। পরবর্তী কাজের সাফল্যের মানদণ্ডে আমাদের প্রথম সরকার তাই ঐতিহাসিকভাবে একটি সার্থক ও সফল সরকার।
প্রায় সমগ্র রণাঙ্গন বাংলাদেশ সরকারের কর্তৃত্বাধীন ছিল। আন্তর্জাতিক, দাপ্তরিক শৃঙ্খলা ইত্যাদি বিষয়ে বাংলাদেশ সরকার যুদ্ধের মাঠে অদৃষ্টপূর্ব দক্ষতা ও নৈপুণ্য প্রদর্শন করেন। বেসামরিক-সামরিক চাকুরীজীবীদের দৃঢ় সমর্থন ও সহযোগিতায় প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমেদের নেতৃত্বে পাক-হানাদার বাহিনীর বিরুদ্ধে সমগ্র দেশবাসীর যুগপৎ আন্দোলন পরিচালিত হয়েছিল। বাংলাদেশের প্রথম সরকারের চিরস্মরণীয় এ ভূমিকার সাথে সাথে দু’টি বিষয় সতর্কতার সাথে মনে রাখতে হবে:
(১) বাংলাদেশের সকল মানুষের পাক-হানাদার বাহিনীকে বাংলাদেশ থেকে বিতাড়ন করার নেতিবাচক লক্ষ্য এক হলেও, সব মানুষের ইতিবাচক লক্ষ্য এক ছিল না। শ্রমিক, কৃষক, আমলা, সৈনিক সকলেই পাক-হানাদার বাহিনীর কবল থেকে দেশকে স্বাধীন করার জন্য যুদ্ধ করলেও স্বাধীন দেশের কাছে তাঁদের আশা-প্রত্যাশা এক ছিল না।
(২) চীন, ভিয়েতনাম প্রভৃতি দেশের পরিকল্পিত ও সংগঠিত সংগ্রাম ও যুদ্ধের ছকের সাথে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের মিল খোঁজা কষ্ট কল্পনা। আওয়ামী লীগ-মস্কোপন্থী-চীনাপন্থী- সব সংগঠনের অপ্রস্তুত অবস্থায় আমাদের মুক্তিযুদ্ধের স্বত:স্ফ’র্ত উপাদানই মুক্তিযুদ্ধের মূল চালিকা-শক্তি। দলীয় সিদ্ধান্তহীনতার পরও বিভিন্ন দলের বিভিন্ন ব্যক্তি নানা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। কিন্তু তা সত্ত্বেও এ কথা মনে রাখতে হবে, ঐ সব ব্যক্তি ঘটনার অধীন ছিলেন, কোন ভাবেই তাঁরা ঘটনার নিয়ন্ত্রণকারী ছিলেন না। এ দেশে এটা নতুন নয়। ঘটনাহীন শান্ত অবস্থা থেকে বোঝা যায় না আগ্নেয়গিরির ঘটনা-পুঞ্জের বিস্ফোরণ একেবারে নাকের ডগায়। এ দেশে বারবার শাসকদের দুর্দান্ত প্রতাপ ফুতকারে বাতাসে মিলিয়ে গেছে এক লহমায়। এনএসএফ- এর গুণ্ডারা বুঝতেই পারে নি জান নিয়ে পালানোর সময় কতটা নিকটবর্তী।
বিভিন্ন দলের ব্যক্তিদের মুক্তিযুদ্ধে যুগপৎ অংশগ্রহণ যেমন স্বাভাবিক ছিল, শ্রমিক-কৃষকের পৃথক রাজনৈতিক শক্তি সমাবেশ গঠন তেমন প্রয়োজন ছিল। চারদলীয় জোটের অপসারণের আন্দোলনে একই ভাবে নানা দলের রাস্তায়-মাঠে বিভিন্ন ভূমিকা থাকবে। ‘‘ভবিষ্যতের দুঃশাসন’’ রোধের মহৎ ‘যুক্তি'তে আন্দোলনে না থাকা চারদলের ‘বর্তমান দুঃশাসন’কে সহযোগিতা করা। আবার, ‘বর্তমান দুঃশাসন’ দূর করার আন্দোলনের মধ্যেই ‘ভবিষ্যতের দুঃশাসনে’র বিরুদ্ধে সংগ্রামের সামর্থ্য ও প্রস্তুতি রাখতে হয়। সংক্ষেপে এই হল আমাদের বিবেচনায় যুগপৎ আন্দোলনের ধারণা।
বর্তমান ও ভবিষ্যতকে মেলানোর ঠিক রণকৌশল নির্ধারণ করার কঠিন দায়িত্বের পরও আওয়ামী লীগের সাথে আলোচনার মাধ্যমে যুগপৎ আন্দোলন করার আরও কয়েকটি মসিবত আছে।
আওয়ামী লীগের রাজনৈতিক কর্মী বিশেষ কিছু নাই। “আওয়ামী” শব্দের মানে না জানা লোকজন দিয়ে শেখ হাসিনা ভোট-বিশাল মহাসমাবেশ সারেন। আওয়ামী লীগের রাজনৈতিক বোধশূন্য এই কর্মীরা আওয়ামী লীগের দলীয় সভা-মিছিল এবং জোটের সভা-মিছিলের মধ্যের পার্থক্য উপলব্ধি করতে নেহাতই অক্ষম। তাঁরা উপলব্ধি করেন না যে, ‘জয় বাংলা’ তাঁদের দলীয় শ্লোগান। তাঁরা দলের মিছিল-সভায় যে সব শ্লোগান প্রদান করেন, তার কোনটাই জোটের মিছিল-সভায় প্রদান করা থেকে তাঁরা বিরত থাকেন না। আওয়ামী লীগের জনসভা ও ১৪ দলের সমাবেশের মধ্যে পার্থক্য স্বয়ং শেখ হাসিনাও তাঁর নিজের এই অবুঝ কর্মীদের বোঝাতে পারবেন না। এ অবস্থায় শেখ হাসিনার সাথে বাক্যালাপ বৃথা সময় ক্ষেপণ।
আওয়ামী লীগের সাথে কথা বলার অপর একটি মসিবত আছে। মসিবতটা বোঝার জন্য একটা বিষয় কল্পনা করা যাক। ওঁ- প্রতীক সম্বলিত কোন সংগঠনের সভাপতির পদ শেখ হাসিনা গ্রহণ করবেন কি? সংগঠনটির অন্য সব নিয়ম-বক্তব্য আওয়ামী লীগের মতোই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাঙালী জাতীয়তাবাদ ইত্যাদি সব কিছুই আওয়ামী লীগের মতোই। পার্থক্য শুধু ব্রহ্মা, বিষ্ণু ও শিবের প্রতীক সংগঠনটির প্রতীক। এই প্রতীকটি সংগঠনটির সদস্য-কুপন, গঠনতন্ত্র, পোস্টারসহ সর্বত্র থাকে। শেখ হাসিনা কি এ সংগঠনের সদস্য বা সভাপতি হবেন? আমাদের মনে হয় - তিনি মুসলমান হিসেবে হিন্দু সম্প্রদায়ের ওঁ চিহ্ন প্রতীক হিসেবে গৃহীত এমন সংগঠনে কোনভাবে যুক্ত হবেন না। শুধু শেখ হাসিনা নয়। আমাদের মনে হয় না আওয়ামী লীগের হাজীদের কেউ এ কাজ করতে রাজী হবেন । বেশ, এ হল আমাদের কথার প্রথম অংশ। আমাদের কথার এই প্রথম অংশ শেখ হাসিনার কাছে প্রাঞ্জল বোধ হবে, কিন্তু আমাদের আশঙ্কা আমাদের কথার পরের দ্বিতীয় অংশটি শেখ হাসিনা কাছে নিতান্তই অবোধ্য ঠেকতে পারে। শেখ হাসিনা বুঝতে পারুন অথবা নাই পারুন, এ কথা সত্য যে, তিনি যে কারণে ওঁ চিহ্ন প্রতীক হিসেবে গ্রহণ করা সংগঠনের সদস্য হতে পারেন না ঠিক সে কারণেই কোন অমুসলিমের পক্ষে আওয়ামী লীগের সদস্য হওয়া সম্ভব নয়। আওয়ামী লীগের যে কোন অফিসের সাইনবোর্ড, যে কোন পোস্টার দেখা মাত্র অমুসলিমরা বুঝতে পারে আওয়ামী লীগ শুধুমাত্র মুসলমানদের সংগঠন। এ সব পোস্টার, সাইনবোর্ড থাকা অবস্থায় বামপন্থীদের পক্ষে অসাম্প্রদায়িকতা বিষয়ে শেখ হাসিনার সাথে কীভাবে কথা বলা সম্ভব তা বোঝা যাচ্ছে না। আর এখন ‘রাষ্ট্রধর্ম ইসলাম’ করা মহা পরহেজগার এরশাদ-চরমোনাইর পীর ইত্যাদির সাথে মহাজোট গঠনে ব্যস্ত শেখ হাসিনাকে কথা বলে বোঝানো যাবে কি, কেন তাঁর পূর্বসূরীরা ‘আওয়ামী মুসলিম লীগ’ এ দলীয় নাম থেকে মুসলিম শব্দ বাদ দিয়ে ‘নিখিল পাকিস্তান আওয়ামী লীগ’ নাম ধারণ করেছিলেন? পোস্টারে ‘আল্লাহ সর্বশক্তিমান’ লেখার পক্ষে আওয়ামী লীগের নেতা-কর্মী-সমর্থকরা যে যে যুক্তি প্রদান করেন, সে সে যুক্তিতেই পূর্বসূরীদের ‘ভ্রম-সংশোধন’ করে আবারো তাঁরা দলের নাম রাখতে পারেন-‘আওয়ামী মুসলিম লীগ’। নামে আওয়ামী লীগ কিন্তু চেতনায় মুসলিম লীগের এই সব ভদ্রলোকেরা বলেন, ‘‘আল্লাহ, ভগবান, ইশ্বর সব একই কথা। অতএব আল্লাহ সর্বশক্তিমান বলায় হিন্দু বা খ্রীষ্টানদের নৌকা মার্কায় ভোট দিতে অসুবিধা নেই।’’ বেশ! তাহলে, আপনারা কিছু পোস্টারে ‘‘ভগবান সর্বশক্তিমান”, কিছু পোস্টারে ‘‘ইশ্বর সর্বশক্তিমান” লিখছেন না কেন? তা করলে আওয়ামী লীগকে অন্তত পক্ষে সর্বধর্মবাদী বলা যেত যা হতো মুসলিম লীগের থেকে চরিত্রগতভাবে পৃথক।
আমরা রাস্তার আন্দোলনে বিভিন্ন দলের ঐক্যের সম্ভাবনাকে একে বারে নাকচ করতে চাই না। কিন্তু আওয়ামী লীগের বর্তমান ভোটের কর্মসূচীর ভিত্তিতে সে সম্ভাবনা একেবারে নেই। আওয়ামী লীগ এখন আগামী নির্বাচনের জন্য সৎ ও নিরপেক্ষ প্রশাসন চাইছে। শুধু মাত্র ৩ মাসের জন্য সৎ ও নিরপেক্ষতার এই বিদঘুটে দাবির কারণ নির্বাচন বিজয়ের পর ৫ বছর ধরে দেশকে লুণ্ঠন করতে তাঁদের দরকার হবে ঠিক এখনকার মতোই অসৎ ও ধামাধরা প্রশাসন । সব সময়ের জন্য সৎ ও নিরপেক্ষ প্রশাসন প্রতিষ্ঠা আওয়ামী লীগের কাম্য নয়। লুণ্ঠন-স্বপ্নে বিভোর আওয়ামী লীগকে কার সাধ্য আছে যে বোঝায়, সততা ও দল নিরপেক্ষতা ৩ মাসের জন্য দরকার, ৫ বছরের জন্য দরকার, সব সময়ের জন্যই দরকার। আওয়ামী লীগের এই খোলাখুলি লুটের কর্মসূচীর ভিত্তিতে কোন ধরনের বাক্য বিনিময় করা সম্ভব বলে মনে হয় না- ঐক্য তো দূরের কথা। এই লুটপাটের কর্মসূচী বাস্তবায়নের জন্য তাঁরা গঠন করেছে ১৪ দল।
ভোটের জন্য জোগাড় করা লোক-দল দিয়ে আন্দোলন আগেও কোন দিন হয় নি এবং ভবিষ্যতেও সে ধরনের আজব কোন ঘটনা ঘটার বিন্দুমাত্র সম্ভাবনা নেই। ১৪ দলীয় জোট একটি ভোটের জোট এবং ১৪ দলের প্রচারিত ২৩ দফা জনস্বার্থহীন শুধুমাত্র ৪ দলীয় জোটের সাথে নির্বাচনী সমতা অর্জনের দফা। শেখ হাসিনা এবং তাঁর এমপিমণ্ডলী বলে আসছিল ভোট ডাকাতির মাধ্যমে গঠিত অকার্যকর সংসদে তাঁরা যাবেন না। সাম্প্রতিক সময়ে আমরা দেখলাম, স্ব স্ব পদ-পদবী-সম্মানী রক্ষার জন্য তাঁরা কেমন ব্যাকুল হয়ে তাঁদের নিজেদের কথিত অকার্যকর সংসদে যোগদান করলেন। প্রধানমন্ত্রী হবার জন্য লোক দেখানো যে টুকু আন্দোলন করার ভাব করা দরকার, সে ভাব দেখানোর প্রয়োজনেও শেখ হাসিনার পক্ষে একদিনের জন্যও সংসদের বিরোধী দলের নেত্রীর পদ ত্যাগ করা সম্ভব নয়।
শেখ হাসিনা নয়। জনগণ সর্বত্র সংগঠিত হচেছন। এ সব আন্দোলন স্থানীয়, বিচ্ছিন্ন। এখনকার স্থানীয় আন্দোলন পরস্পরের সাথে যুক্ত হয়ে নিশ্চিতভাবে জাতীয় রূপ পরিগ্রহণ করবে। শেখ হাসিনার সাথে সিপিবি নেতাদের দেখা-সাক্ষাতে জনগণের এ আকাঙ্ক্ষিত ঐক্য গঠনে সংশয় তৈরি করা হয়।৬/২/০৬
সর্বশেষ এডিট : ০২ রা মার্চ, ২০১১ দুপুর ১২:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



