
আমার পিতাকে শোয়ানো হচ্ছে কবরে
আমি তাকিয়ে আছি অপলক
দাঁড়িয়ে স্থাণু, কিংকর্তব্যবিমূঢ়
পরিস্থিতিটা গোলমেলে
কি করবো বুঝে উঠতে পারছি না
হ্যা, আমি জানি, আমি দাঁড়িয়ে আছি
অথচ তবু মনে হচ্ছে, আমি নেই
পৃথক হয়ে গেছি এ সবের থেকে
সত্যি, সম্পূর্ণ নতুন ও ব্যতিক্রমী উপলব্ধি
ইতিপূর্বে কখনও হয়নি
হতে পারে ঘুমঘোরে উদ্ভট স্বপ্ন দেখছি
ঘুম ভাঙলেই বেমালুম ভুলে যাবো।
মনে পড়ছে, পিতার হাত ধ’রে হাঁটতাম সড়কে
চুল কাটতে নিয়ে যেতেন সেলুনে
কখনও স্কুলে, হাট বাজারে
কিন্তু কেন জানি না, এ মুহূর্তে সব কেমন
অলৌকিক লাগছে, যেন কখনও ঘটেইনি
সত্যি, পরিস্থিতিটা বড্ড গোলমেলে
দাঁড়িয়েও আছি স্থাণু, কিংকর্তব্যবিমূঢ়
সাদা কাফনে মোরা পিতার শবদেহ
শোয়ানো হচ্ছে কবরে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

