
ফেলে আসা এক সড়কের কথা মনে পড়ে। হলুদ নিয়ন বাতির ম্লানাভ সন্ধ্যেবেলা। পলেস্তারা খসা বয়োজীর্ণ দেয়াল। দুয়েকটি রিক্সা। সিটের ’পর পা তুলে আঁটোসাটো ঝিমানো চালক। খেলা শেষে ঘরে ফেরা স্মিতমুখ কিশোরের দল। গাঢ় লিকার চা। ক্যাপুচিনো।
আহ প্রিয়তমা, সব পারো, শুধু বদলে দিতে পারো না গল্পের শেষটা। তোমার গল্পে শুধু অশান্তি, শুধু অরাজকতা! সেখানে রাজারানি, প্রজা, সৈন্যসামন্ত, পরদেশী বণিকদল সবাই শুধু কলহ, যুদ্ধ-বিদ্রোহ ক’রে চলে; এভাবেই শেষ ক’রে দাও বারবার! কেন দাদীমার মুখে শোনা ছেলেবেলার রূপকথার মতো মধুর সমাপ্তি শোনাতে পারো না, ‘অতঃপর তাহারা সুখে শান্তিতে বাস করিতে লাগিলো।’
আহ প্রিয়তমা, সব পারো, শুধু মিলনের গল্প জানো না!
সর্বশেষ এডিট : ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ৮:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


