ঘরের কথা পরের কাছে যেই গিয়েছি বলতে
ওমনি হঠাৎ ঘরের ভেতর উঠল জ্বলে সলতে
চাপায় যত জোর আছে তাঁর দেহের যত শক্তি
আছড়ে পড়ে আমার ওপর পেয়েছে তারা মুক্তি।
আমরা নাকি লেখক জাতি মিথ্যে কথার হাঁড়ি
মিথ্যে কথা সত্যের মতো তৈরি করতে পারি;
আমরা নাকি মন্দ লোকের একটা আজব বংশ
কল্পলোকের গল্প ফেঁদে করছি সমাজ ধ্বংস।
আমার নাকি গল্পে গরু গাছের উপর ওঠে
মেঘের পিঠে ইঁদুর-বেড়াল রকেট হয়ে ছোটে।
গরু-ছাগল, মহিষ-ভেড়া পুকুর জলে ভাসে
নদীর মাছে গাছে উঠে খিটির মিটির হাসে!
আমরা নাকি সত্য ছেড়ে মিথ্যে নিয়ে থাকি
শিশু-কিশোর এসব নিয়ে করছে মাখামাখি।
দেশটা নাকি মিছে কথায় যাচ্ছে রসাতলে
কাকের চেয়ে কবিরা তাই মাতছে কোলাহলে।
জগতের সকল সৃষ্টি এসেছে কল্পনার ডানায় চড়ে
কথাটি আমার হারিয়ে গেল বউয়ের ঝেংরা-ঝড়ে!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


