কারিগরি শিক্ষার উন্নয়নে ৮০০ কোটি টাকা দিচ্ছে বিশ্ব ব্যাংক,
স্কিলস অ্যান্ড ট্রেনিং এনহেন্সমেন্ট প্রজেক্টের মাধ্যমে কারিগরি শিক্ষার উন্নয়ন ও সম্প্রসারণে বিশ্বব্যাংক নতুন করে ৮০০ কোটি টাকা প্রদান করবে। এ লক্ষ্যে বুধবার বিশ্ব ব্যাংকের ঢাকা অফিসে বাংলাদেশ সরকার ও বিশ্ব ব্যাংকের মধ্যে একটি সমঝোতাপত্র স্বাক্ষরিত হয়েছে।
সরকারের পক্ষে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব কাজী শফিকুল আজম এবং বিশ্বব্যাংকের পক্ষে সিনিয়র অপারেসন্স অফিসার ও টাস্কটিম লিডার ড. মো. মোখলেছুর রহমান সমঝোতাপত্রে স্বাক্ষর করেন।
এ সময় অন্যদের মধ্যে বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর ক্রিস্টিনি ই. কিমস, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অশোক কুমার বিশ্বাস এবং স্কিলস অ্যান্ড ট্রেনিং এনহেন্সমেন্ট প্রজেক্টের প্রকল্প পরিচালক মো. ইমরান উপস্থিত ছিলেন।
২০১০ সাল থেকে বাংলাদেশ সরকার, বিশ্ব ব্যাংক ও কানাডার অর্থায়নে স্কিলস অ্যান্ড ট্রেনিং এনহেন্সমেন্ট প্রজেক্ট বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পটির উদ্দেশ্য হলো কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণের গুণগত মান উন্নয়নের মাধ্যমে এর জনপ্রিয়তা বৃদ্ধি ও সহজলভ্য করার মধ্য দিয়ে দারিদ্র্য দূরীকরণ ও দেশ-বিদেশে মর্যাদা সম্পন্ন কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করা। শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে কারিগরি শিক্ষা অধিদপ্তরের তত্ত্বাবধানে বাস্তবায়নাধীন ৮৫০ কোটি টাকার এ প্রকল্পটির কার্যক্রম ২০১৬ সালের জুন মাসে শেষ হওয়ার কথা ছিল। বর্তমান পর্যায়ে এসে প্রকল্পটির সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রাখার লক্ষ্যে বিশ্ব ব্যাংক নতুন করে ১০০ মিলিয়ন মার্কিন ডলার (৮০০ কোটি টাকা) প্রদানের উদ্যোগ গ্রহণ করে। ফলে প্রকল্পটির বাস্তবায়নের মেয়াদ ২০১৯ সাল পর্যন্ত বৃদ্ধি পাবে।
তথ্য সূত্র: বাংলামেইল২৪.কম
সর্বশেষ এডিট : ০১ লা অক্টোবর, ২০১৫ দুপুর ১২:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




