যে শহরে গাছ নেই সে শহরের পাখিদের দুঃখ নিয়ে,
উড়তে উড়তে মানুষের
বাড়ি বদলে যায়।
আন্তঃনগর এক্সপ্রেসে শহর থেকে যে সময় ঘড়ির কাঁটায় দুলতে দুলতে এসেছে,
সেও জানে ১২'র কাঁটায় গিয়ে তার পরিচয় ভিন্ন হবে।
পশ্চিমে অস্ত যাবে পোস্ট মেরিডিয়াম।
মানুষও এমন,কবরের পাশ দিয়ে গেলে পাতাঝরা বাতাসে শিরশির করে দৃষ্টি,
যেনো কতোকাল চেয়ে আছে চোখ মুদবার জন্য।
বাড়ি ফিরলে মায়ের চোখ
শেষ স্টেশন।
যে বাড়িতে মা থাকে সেটাই নিজের বাড়ি।
পৃথিবীর সব ট্রেন থেমে যায় মায়ের কাছে এলে,
পৃথিবীর সব পথ শেষ হয়
মায়ের কাছে এলে।
একদিন মা পাখির মতো না বলে,
নতুন ঠিকানায় উড়ে গেলে,শৈশব আশ্রিত সব পথ পড়ে থাকে অভিমান নিয়ে,
সমস্ত আহ্লাদ কাফন হয় মায়ের কাফনে,
পৈতৃকভিটার সে বাড়িও হয়ে যায় লোকাল ট্রেনের সিট-
যার টিকেট একটু আগেই শেষ হলো,
স্টেশন পেরুলেই যেটা অন্যের।
মানুষের বাড়ি বদলে যায়।
সর্বশেষ এডিট : ১১ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


