ব্লগ লেখার শুরু থেকেই এ বিষয়ে লিখব ভাবছিলাম। তবে আজ ব্লগার মাহমুদুল হাসান কায়রো এর ফেসবুক স্ট্যাটাস দেখে বিষয়টি নিয়ে লিখতে আরও বেশি অনুপ্রাণিত হলাম। তাই আমার এই পোস্ট তাকেই উৎসর্গ করা হল।
''ইনসোমনিয়া'' মূলত কোন রোগ নয় বরং একটি অবস্থা। ঘুমাতে পারার অক্ষমতা বা একটা নির্দিষ্ট সময় ঘুমিয়ে থাকতে না পারার অবস্থাকেই ''ইনসোমনিয়া'' বলে। যান্ত্রিক সভ্যতার যুগে এই সমস্যাটা দিন দিন যেন আরও প্রকট হয়ে উঠছে। বিভিন্ন কারণে এটা হতে পারে। যেমন-স্ট্রেস,দুশ্চিন্তা,বিষণ্ণতা,খাদ্যাভাস ইত্যাদি। তবে এ পোস্টে কারণ সম্পর্কে আলোচনা করতে চাইনা বিস্তারিতভাবে। কারণ ইনসোমনিয়ায় আক্রান্তরা সম্ভবত এই মুহূর্তে প্রতিকারের উপায় বাদে অন্য কিছু বিস্তারিত জানতে চাচ্ছেন না।
ইনসোমনিয়া প্রতিকারের সবচেয়ে ভালো উপায় হল ন্যাচারালি এটাকে শেষ করবার চেষ্টা করা। যেকোনো ঘুমের ওষুধ বা চেতনানাশক ড্রাগ থেকে এটাই উত্তম এবং নিরাপদ উপায়। নিচে এমনই কিছু উপায় উল্লেখ করা হল-
১)প্রথমেই আপনি ইনসোমনিয়াকে কোন সমস্যা ভাবা বা এ নিয়ে দুশ্চিন্তা করা বন্ধ করুন। আপনি ভাবুন এ ধরনের কিছুই নাই আর থাকলেও আপনি তাতে আক্রান্ত নন এবং যদি আক্রান্ত হয়েই থাকেন তবে তা আপনার জন্য কোন সমস্যা নয়।
২)ঘুমাতে যাবার এক ঘণ্টা আগে আপনার পছন্দনীয় কোন শারীরিক কাজ করুন। সেটা হতে পারে ব্যায়াম,খেলাধুলা কিংবা ঘরবাড়ি পরিস্কার করা (যদি এটা আপনার পছন্দনীয় হয়ে থাকে
৩)ঘুমাতে যাবার জন্য এমন সময় বেছে নিন যখন টিভিতে আপনার পছন্দের কোন কিছু দেখাবে না। বিছানায় যেয়ে টিভি দেখা বা রেডিও শোনা থেকে বিরত থাকুন।
৪)ঘুমাতে যাবার আগে কমপিউটার এবং মোবাইল ফোন কম ইউজ করুন। (এটা বেশ টাফ
৫)ঘুমাতে যাবার আগে গোসল করতে পারেন। এতে শরীরে প্রশান্তি আসবে।
৬)বেডরুমটাকে বেশ আরামদায়কভাবে তৈরি করুন। চাদর,বালিশ ইত্যাদি পরিচ্ছন্ন রাখুন।
৭)পারলে ডিনারে সি-ফুড খান এবং ঝাল খাওয়া থেকে বিরত থাকুন।
৮ )বেডরুম যথাসম্ভব অন্ধকার রাখুন।
৯)ডিনারে অত্যধিক খাবেন না। তবে ক্ষুধার্ত অবস্থায়ও বিছানায় যাবেন না।
১০)ঘুমানোর আগে ক্যাফেইন জাতীয় খাদ্যদ্রব্য (চা,কফি) গ্রহণ করা থেকে বিরত থাকুন। এলকোহল কঠোরভাবে বর্জন করুন।
১১)এতকিছু করেও হঠাৎ করেই রাতারাতি এই সমস্যা থেকে মুক্তি পাওয়া অনেকক্ষেত্রে কষ্টসাধ্য হতে পারে। সেক্ষেত্রে ঘুমাতে যাবার ১৫ মিনিট পরও ঘুম না এলে উঠে রিল্যাক্সিং কোন কাজ করুন।
১২)নিয়মিত একই সময়ে ঘুমাতে যাবার এবং ঘুম থেকে ওঠার অভ্যাস গড়ে তুলুন।
সর্বোপরি, এই সমস্যা থেকে উত্তরণের জন্য মহান আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করুন। কোন উপকার পেলে জানিয়েন। ব্লগে নতুন তাই ভালো লিখতে না পারার দিকটাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবার আমন্ত্রণ জানাই। কষ্ট করে পড়বার জন্য ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ১৩ ই আগস্ট, ২০১৩ রাত ১০:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


