ডাক্তারের চেম্বারে গিয়েছি। আমার সিরিয়াল আসতে তখনও অনেক দেরি। আমি বসে বসে মানুষ দেখতে লাগলাম। সাধারনত রোগীর সাথে অনেক মানুষ আসে। আমি মুখ দেখে বোঝার চেষ্টা করে থাকি কে রোগী। হঠাৎ দেখলাম চকচকে শাড়ি আর ভারি মেক আপ করা দুইটা মহিলা, একজনের উচ্চতা হবে ৫ ফুটের মতো আর আরেকজনের হবে ৫ ফুট ৬/৭ ইঞ্চির মতো। লম্বা মহিলাটা তার উপর পরেছে হাই হিল, এতে করে ৫-ফুট মহিলাটাকে তার পাশে একদমই বেমানান লাগছে। আমি বসে বসে ভাবছিলাম ৫ ফুট মহিলাটার কি আক্কেল? শাড়ির সাথে হিল পরে নি! তার উপর সাথে এমন একজন নিয়ে ঘুরছে যে তালগাছ সেজে ঘুরছে!
আবার ভাবলাম এই মহিলা দুইজন ডাক্তারের চেম্বারে এতো মেক আপ করে আসছে কী জন্য?!
এসব ভাবতে ভাবতেই দেখি... ঐ দুইটা মহিলার মধ্যে একটা আমার কাজিন! আমার ভীষণ রাগ লাগছিল তখন। গত সপ্তাহেও তার সাথে কথা হয়েছে! অথচ সে একবারও জানায়নি যে সে দেশে আসবে! আমি সামনে গিয়ে তার সাথে কথা বলতে গেলাম। দেখলাম সে কেমন যেন করে দূরে সরে গেল।
আমার আর ডাক্তার দেখানো হলো না। আমার মেজবোনকে ভিতর থেকে বের হয়ে আসতে দেখলাম। ওর হাতেই আমার রিপোর্ট ছিল। কাজিনের সাথে ওর কথা হচ্ছিল। ফিসফিস করে বলছিল, ওর তো ক্যান্সার!! কাজিন কেঁদে ফেললো।
আমি হতবাক হয়ে গেলাম! চিন্তা করলাম, কীভাবে সম্ভব! ক্যান্সার তো অনেক কঠিন একটা অসুখ। আমার এটা হলে তো অনেক কষ্ট হতো। তারপরে আবার ভাবলাম অসুখ প্রাথমিক অবস্থায় আছে সেজন্য বোধহয় আমার কোনো কষ্ট হচ্ছে না।
তারপর আমি খুলনাতে। আম্মু, আব্বু সহ আমার বোন দুইজনকেই খুব স্বাভাবিক দেখলাম। তাদের সবারই ভাবটা এমন... ধুর এটা তো কিচ্ছু না!
আমি ভাবছি অসুখ প্রাথমিক পর্যায়ে আছে তাই আমার কষ্ট হচ্ছে না, কিন্তু যখন বেড়ে যাবে তখন আম্মু আব্বুর কেমন লাগবে? নিজের উপর ভীষণ মেজাজ খারাপ লাগছিল এটা ভেবে, শেষ বয়সে আম্মু আব্বু একটু শান্তিতে থাকবে!! আমার চিন্তায় তাও পারবে না!!
খারাপ স্বপ্নের কথা নাকি কাউকে বলতে নাই। কিন্তু স্বপ্নটা দেখে এতো অদ্ভুত লেগেছে যে না বলে আর থাকতে পারলাম না।
সর্বশেষ এডিট : ১৩ ই মে, ২০১৪ বিকাল ৫:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



