মোহে পড়ি বার বার
এক নয় দুই নয় হাজার বার
আশ্চর্য্য হই যেনো আচম্বিতে,
খুবই তাড়াতাড়ি কেটে যায় মোহ
যেন বন্ধ চোখ খুলে দেয়া হঠাৎ...।
স্বপ্নের ঘোর থেকে মুক্তি পাওয়া মন
আলোয় এসে থমকে দাঁড়ায়...
অচেনা সব,
অজানা সব;
একাকী পাতাহীন গাছের নিচে দাঁড়িয়ে
অবশ দেহে কিছুক্ষন
ডালের ফাঁক ফোকর দিয়ে তীর্যক রোদ মুখটা জ্বালিয়ে দেয়।
অথচ বন্ধ চোখে কতই না আহরণ করেছি শান্তি, সুখ, স্বপ্ন
আঁধারের দেশে স্বপ্নীল আলো এসে রাঙ্গিয়ে দিয়েছিল আঙ্গিনা...
জোনাকিরা খেলা করছিল মনের উঠোনে
কুহক এসে হাত ধরেছিল, বলেছিল ফিরে যেওনা,
একদিনের জন্য হলেও আমার হও...।
আহ্ সেকি মোহ! কথার জালে আটকাতে চায়....
ছলে বলে বন্দি করতে চায় মোহের মাঝে।
বন্ধ চোখে থাকা যায় কাহাতক!
চোখ খুললেই কেটে যায় মোহ...
ফিরে আসি কুহকের জাল ছিন্ন করে।
মোহ তো থাকে না বেশিক্ষণ,
কেটে গেলে....
সমাপ্তি ঘটে একটি গল্পের; ডুব দেই হতাশার সাগরে।
আচানক জীবনে ফের ফিরে আসে মোহ..
এবং মোহে পড়তে সময় লাগে না...
মিষ্টি কথার দুষ্টুমিতে ভুলে আবার চোখ বন্ধ করি.....
মানুষ তো! তাই মোহ নিয়ে খেলা করি আনমনে;
যার ভাল থাকার অধিকার নেই বাস্তবে
সে মোহকে কাছে ডাকে...।
যার মন আছে, তাকে মোহে পড়তেই হয়...
বারবার না হলেও একবার...
অত:পর মোহ কেটে যায়/যাবে...
কঠিন বাস্তবের মুখোমুখি হয়ে
অনুশোচনায় ক্লান্ত মন বিষন্নতায় হারিয়ে
জন্ম দিবে একটি জীবন্ত কবিতার।


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




