
©কাজী ফাতেমা ছবি
তুমি কি আজ আকাশ দেখেছো? না তা দেখোনি জানি!
শুভ্র নীলের মেঘেরা খেলা করছিল সারাদিন
ফসলি ক্ষেতের মত ছিল ঐ আকাশটা দেখতে!
থোকায় থোকায় মেঘ ঘুরে বেড়িয়েছে দিনভর।
আমারও যে এমন একটা আকাশ আছে
হাল চাষ করা সেই আকাশ;
রোপন করা হয়নি সেখানে ভালবাসার বীজ
সবুজ কুঁড়িরা উঁকি দেয়নি ফসলি ক্ষেতে
বছরজুড়েই লেগে থাকে খরা;
হয় না বৃষ্টি;চৌচির ফেটে আকাশের বুক।
অথচ ঐ আকাশটা কত উদার দেখ!
প্রভাতে দেয় পৃথিবী জুড়ে লাল আভা,
স্নিগ্ধ বাতাস নরম রোদ,
উষ্ণ দুপুর,উদাস দুপুর অথবা ঝাঁঝালো রোদ্দুর...।
গাছের ছায়ে উদাস রাখালের সুরেলা বাঁশির সুর;
বিকেলের এলোমেলো বায় আর মিঠে রোদ্দুর সে তো আকাশেরই দান,
ক্লান্তিময় দিনটির রেশ কাটাতে আকাশ পশ্চিমে সূর্যকে ডাক দেয়,
রক্তিম বর্ণের নীল আকাশ জানান দেয় দিনের সমাপ্তি।
গোধূলীলগ্নে নীড়েতে ফিরে ভালবাসা
পরম আত্মীয়দের সাথে হয় সহাবস্থান;
অন্ধকার নেমে আসে পৃথিবীতে;
অন্ধকার নামে চোখে...
ভালবাসা নেমে আসে নিকষ কালোয়
সিক্ত যুগল বন্ধন আলিঙ্গনে।
ষোড়শীর চোখে নেমে আসে স্বপ্ন
ঘুরে বেড়ায় সে স্বপ্নরাজ্যে চরম সুখি বেশে।
মধ্যরাত্রিরে আকাশ তার বুকে নামিয়ে আনে শশধরকে
ভূতলে উছলে পরে বাঁধ ভাঙ্গা আলো ..
পূর্ণিমার যামিনীতে মুক্ত আকাশের নিচে কাটিয়ে দেয় কত প্রেমিক যুগল,
নীল আলোয় মানুষ খুঁজে ফিরে ভালবাসা।
আস আমার আকাশে,বর্ষা নামবে,
তুমুল বর্ষনে সব ক্লেশ ভেসে যাবে দেখো!
আমার আকাশ ধূঁধূঁ বালুচর.....
চারপাশেই ছড়িয়ে কাপাষ তুলার নরম গালিচা;
তুমি খানিক্ষন বসবে এসো,
সাঁই সাঁই বালিঝড় হবে;
ভেসে যাব তুমি আমি.... ভালবাসার সাগরে,
একবার এসো! দেখ! আকাশের মতই বিশাল হবে মন,
প্রশস্ত উদারতার শুভ্র মেঘে ভাসব আমি।
আর না পারলে,তুমি আমার আকাশ হও
আমি হব তোমার নক্ষত্র।
-----------------
১৮ নভেম্বর ২০১৩
সর্বশেষ এডিট : ১৩ ই জুন, ২০১৬ বিকাল ৩:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



