
©কাজী ফাতেমা ছবি
মানকচু আর কলাপাতা
বৃষ্টি ভেজা স্নিগ্ধবেলা
পাতায় পাতায় ছুঁয়াছুঁয়ি
খেলছে একি প্রেমের খেলা!
টুপুর টাপুর বৃষ্টি পড়ে
কলাপাতা নুয়ে বুকে
মানকচুও সঁপে দিচ্ছে
বুকটা তার হায়! একটু ঝুঁকে।
চুয়ে চুয়ে সুখের জলে
মাটি ভিজে গাছের গুড়ায়
প্রেমের রসে ভিজে পাতা
তপ্ত দেহ জলে জুড়ায়।
কেমন লাগে আহা লাগে
মুগ্ধ চোখে বৃষ্টি দেখি
শহর জুড়ে বৃষ্টি এলো
এ সুখ আমার নয়কো মেকি!
মাঠের পরে গরু ভিজে
শিশু কিশোর ভিজছে জলে
দুরন্ত সে কিশোর বেলা
নিচ্ছে মজা বৃষ্টির ছলে।
এমন বেলা আমার বেলা
মেয়েবেলা যাই গো ফিরে
স্মৃতিগুলি আঁকড়ে ধরে
ঘুরতে থাকে আমায় ঘিরে।
ভেজা বসন লজ্জার প্রহর
বুকে নামত প্রেমের বন্যা
লাজুকলতা ছিলাম তবে
ডানপিঠে এক অচিন কন্যা!
কই গেলো গো প্রহর সেসব
ছেড়ে দিল হাতটি আমার
মনটা তখন লজ্জাবতি
সময়ে তা করল তামার!
ভালবাসার প্রহরগুলো
নীলের বুকে সেঁটে আছে
মনের আয়নায় দেখি ফিরে
মনময়ূরী সুখে নাচে!
সময় আমায় গেলো ছেড়ে
মুগ্ধতা তো যায়নি ছেড়ে
এখনো যে মুগ্ধ প্রহর
আচম্বিতে আসে তেড়ে!
বৃষ্টি ভেজা দিন যে আমার
মিশে আছে দেহ মনে
ব্যস্ত আমি থাকি হরদম
মুগ্ধ প্রহর আহরণে।
দেহের বয়স বাড়লো হায়রে
মনটা আমার রইল তরুণ
নিত্য আসে আমার তরে
আলো নিয়ে নতুন অরুণ!
সাজাই জীবন মুগ্ধ হয়ে
সৃষ্টিকর্তার দয়ার বলে
ভালবাসি মুগ্ধ হতে
মন থাকে সদা উচ্ছ্বলে!
সর্বশেষ এডিট : ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




