
©কাজী ফাতেমা ছবি
আঙ্গুলের ফাঁক গলে চলে যায় দিন,
মুঠো করে রাখি, যদি থেকে যায় ক্ষণ আমার জন্য শুধু কিছুক্ষণ,
ভাঙ্গনের সুর শুনি বুকে, হেলাফেলায় চলে গেলো জানুয়ারী...... ডিসেম্বর
বিশের দোরে কড়া নেড়ে ঊনিশ বলে, চলে যাই ফিরবো না বলে আর
ভুলত্রুটি শুধরে নিতে বলো, তোমাকে যারা জানাবে স্বাগত!
নতুন আলোর প্রভাতে শপথ নিতে বলো ওদের,
যারা তোমাকে পেয়ে হই হুল্লোড়ে পার করে দেবে মধ্যরাত্রিরের বেশ কয়েকটা পল।
ঊনিশ ডেকে বলে আমায়, যদি চলে যাই সহসা পৃথিবী ছেড়ে,
স্মৃতি করে রেখো, আমার বুকে জমে থাকা তোমাদের দেয়া কিছু দুঃখ সুখের কাব্য।
সতেরো আঠারো ঊনিশ কেউ ফিরে না, চলে যায় এক একটি বছর নিয়ে,
নিয়ে যায় ফুলেল দিন, দেহের শক্তি, চোখের আলো,
দিয়ে যায় বার্ধক্য, আর জরাজীর্ণ প্রহর,
দেহের পরতে পরতে ভাঁজ, দেহের অলিগলিতে তৈরী হয় রোগ ব্যাধীর আশ্রম।
চোখের কোণে জমে থাকে নোনাজল, চোখ যে আমার নদী,কতটা প্রহর পেরিয়ে গেলো,
আহ্ গুছাতে পারিনি কিছু, তাই বুক সমুদ্দুরের পাড় ভেঙ্গে উপছায় নীল জল।
চলে যায় দিন, চলে যায় মাস বছর, তবুও দেখি নতুন দিনের স্বপ্ন,
তবুও আশায় বাঁধি বুক, হয়তো গুছানো হয়ে যাবে ঠিকঠাক জীবনের যতটুকু সময় পাবো।
ঊনিশের চোখে আর চোখ রাখতে পারি না,ঊনিশের শেষ পাতায় যেনো বিষাদের ছায়া
চলে যাবে সে কিছুদিন বাদে, ঢাকঢোল পিটিয়ে মানুষ নিয়ে আসবে ঘরে বিশের বাবুটা
এক মাস বয়সী বাবুটা ধীরে ধীরে বারো মাস পেরিয়ে গেলেই মৃত্যুর কোলে পড়বে ঢলে!
জীবনও ঠিক এমন, ক্ষয়ে যাই ধীরে ধীরে, চোখের কোণে ঝাপসা আলোর টুপটাপ জল,
শ্যাওলা পড়া চোখে এখন আর স্বপ্ন কিনে আনতে পারি না;
এই তো জীবন, এইতো মেনে নিয়ে জীবন যাপন,
তাদেরকে নিয়ে যারা পাশে থাকে হয়ে আপন।
December 19, 2018
সর্বশেষ এডিট : ২২ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


