
এই শুনো......মন ভাল করতে বেশী কিছু লাগে কি?
তুমি কি কখনো ভেবেছো এমন!
শুধু কথা নামক হাম্বলের আঘাতে চূর্ণ বিচূর্ণ করো মন
আর আমি বেঁচে থাকি ছেঁচা কলিজা নিয়ে।
শুনো, মানুষের মন ভাল করতে কি লাগে বলো!
মিষ্টি করে দু'টো কথা বললেই তো মন হয়ে যায় ভালো,
তুমি তো শুধু নিম করলা কথাই জানো,
ভালবেসে কথা বলতে জানো না, ভর্তি হও তবে আমার ক্লাসে।
আচ্ছা মন ভাল করতে কি লাগে বলো, বেশী কিছু না!
না টাকা, না বাড়ি গাড়ি, তুমি তো এসবই বুঝো
এই ফুল চিনো, ফুল! না ফুলে তোমার এলার্জি?
ইচ্ছে লাগে ফুলের পোকা তোমার নাকে ঢুকে যাক
তুমি হাঁচতে থাকো অবিরত....
তিতে কথাগুলো উড়ে যাক হাঁচির সাথে।
তুমি কি জানো মন ভাল করতে বেশী কিছু লাগে না?
এই যে মুঠোফোনে রিঙ দিয়ে যদি বলো, এই কেমন আছো,
মাথা ব্যথা সেড়েছে, বাসায় গিয়ে রেস্ট নিয়ে নাও
অথবা আমি কি আসবো নিতে......
আর কি চাই বলো, মাথাব্যথা দৌঁড়ে পালায়।
তুমি কেনো বুঝোই না-মন ভাল করতে কিছু লাগে না,
শুধু একবার মুগ্ধতার হাসি হেসে দাও, তাকিয়ে
আর বলো ভালবাসি
কিছু লাগে নাতো আর, এমনিতেই মন ভাল হয়ে যায়
তুমি তো এসব বুঝোই না, শুধু কিসের ঘোরে যেনো থাকো।
তোমাকে কি করে বুঝাই বলো, মন ভাল করতে লাগে না বেশী কিছু,
শুধু একবার বলো, এই চলো না
সকল ক্লান্তি ঝেড়ে একটু রিক্সা করে ঘুরে আসি
অথবা পার্কের ফাঁকা বেঞ্চে বসে
কুটুরকাটুর করে বাদাম খেয়ে আসি
আর কি - কিছু লাগে আর মন ভাল হওয়ার।
মানুষের মন যে কত সুন্দর, তুমি যদি একটু অনুভব করতে
একটু যদি বুঝতে পারতে, আর মুগ্ধ হতে জানতে..
কখনো কি মানুষের মন পড়তে চেষ্টা করেছিলে?
ইশ মানুষের মনের ভাষা বুঝতে যদি
দেখতে মানুষের মনে কত ভালবাসা
মনে কত মমতা আকুলি বিকুলি খায়,
কত আবেগ বুকের বেড়াজালে দিনরাত হয় ঘুর্ণি ।
মন ভাল করতে বেশি কিছু লাগে না
কাছে বসে তার কথা মনযোগ দিয়ে যদি শুনতে
বুঝতে সে কতটা কৃতজ্ঞতায় নুয়ে পড়ে তোমাতে
তুমি তো শুধু দোষীই বানিয়ে বসে থাকো,
সুন্দর সময়কে করে তুলো অসুন্দর
বিতৃষ্ণা ঢেলে দিতে জানো দৃঢ়তার সাথে
কি জানি বাপু, কি সুখ পাও এতে।
বেশি কিছু লাগে না মন খুশি করতে, শুধু অনুভূতি জাগ্রত রাখতে হয়;
ভালবাসতে জানতে হয়, মন বুঝতে হয়, আলতো ছুঁয়ে দিতে হয় মন,
বিষ্ময়ী চোখে আবেগী মনে শুধু একটুখানি ভালবাসার মন্ত্রর ফুঁকে দিতে হয়,
আহ্ সে যদি তুমি বুঝতে জানতে অথবা শিখতে!
February 5, 2017 at 9:14 PM

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






