
©কাজী ফাতেমা ছবি
=মায়ের ঋণ কী করা যায় শোধ কখনো=
কত কষ্টের পাহাড় বুকে তুলে নিয়ে মা দাঁড়িয়ে থাকে
হয়ে সংসারের খুঁটি,
কত সুখ, কত আবেগী আহ্লাদি ইচ্ছে, দূরে সরে যায় আঙ্গুলের ফাঁকে;
যখন কাক ডাকে ভোরের আলোয়, মা সেঁকে তখন আগুনে রুটি!
ইচ্ছে স্বাধীন সময়গুলো থাকে মায়ের আঁচলে বাঁধা,
চড়ুই এর মত জীবনের কত সহস্র সময় হয়ে যায় ফুড়ুৎ,
পেট হয় গিরি মায়ের, ওজনে হাঁটা দায়, জীবন এক অলীক ধাঁধা;
তবু্ও মা সাংসারিক কাজে ব্যস্ত, কপালে বয়ে যায় ঘ্রামের স্রোত।
কতটুকু আর সাহায্যের হাত বাড়িয়ে দেয় পুরুষ
একবার সাহায্যতে, হাজারবার খোঁটা দিয়ে পুরুষ বুক ফুলিয়ে হাঁটে
কথায় কথায় মায়ের বুকে বসায় যেনো ব্যথার কুরুষ;
একজন মা সর্বদা ব্যতিব্যস্ত সংসার খুশি করার পাঠে।
পেটে কত কাঁটাছিঁড়া, নিম্নাঙ্গে কত সেলাই, দগদগে ঘা
ব্যথা সয়েও মা হেসে উঠে স্বস্তিতে আনন্দে, সন্তান নিয়ে কোলে;
ব্যথায় কাতর মা, আহা চোখে জল গড়ায়, কুঁকড়ে যায় হাত পা;
পাশে পুরুষ হাসে বাবা হবে, স্বপ্ন সুখে তার মন দোলে।
সাত পাহাড় কষ্ট ঠেলে বারবার মা হয়েও ভুলে যায় মা অতীত কষ্ট,
কতটি বছর পেরিয়ে যায় সন্তানের নিবিড় পরিচর্যায়,
ইচ্ছে সব জলাঞ্জলি দিয়ে জীবনের বেশীরভাগ সময়ই হয় সংসারে তাঁর নষ্ট,
কে রাখে মায়ের মনের খবর, একই ভাবে তাঁর দিন আসে দিন যায়।
আঙ্গুলের ডগা কেটেও মা'কে বসতে হয় বটি নিয়ে,
হাতের চামড়া পুড়লেও জ্বালাতে হয় চুলায় আগুন,
মা তাঁর কষ্ট অন্যের ঘাড়ে দেয় না চাপিয়ে ইনিয়ে বিনিয়ে;
মায়ের জীবন থেকে হারিয়ে যায় বৈশাখ হেমন্ত বর্ষা অথবা ফাগুন।
মায়ের ঋণ কী আর করা যায় শোধ কখনো, না ভাবা যায়,
তবুও পুরুষের মনে আক্ষেপ পাইনি বলে অথৈ সেবা,
কত শত বদনাম, কত তিক্ত কথা মায়ের বুকে ব্যথার বাজনা বাজায়
তর্কে লিপ্ত না হয়ে মা সংসারে সেজে থাকে বোবা।
(20-05-2020)
(সব পুরুষের জন্য প্রযোজ্য নহে)
সর্বশেষ এডিট : ৩১ শে মার্চ, ২০২১ বিকাল ৪:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




