
©কাজী ফাতেমা ছবি
=
তুমি হারিয়ে গেলে কেমন করে যেনো, দৃষ্টির সীমানায় আর দেখি না
অথচ একদিন হুটহাট মনের চাবি খুলে ঢুকে গিয়েছিলে অতর্কিতে,
চেনা মানুষ দৃষ্টির আড়াল হলেই হয়ে যায় অচেনা,
কখনো তোমায় ভেবে পথ হাঁটি আর হোঁচট খাই ইট সুরকিতে।
অভ্র নাম নিয়ে মন আকাশে উড়তে যেনো, শুদ্ধতার প্রতিক তুমি
কত কবিতার শিরোনামে রাখতে আমায়, আমিও তাই
বাক্যবিনিময় শত সহস্র, শব্দ বিনিময় কোটি, উচ্ছ্বল তুমি আমি
একদিন সহসা দৃষ্টি ফেরাতেই দেখি তুমি আর নাই।
এখানে নাই ওখানে নাই, অথচ তোমার স্পর্শ পাই হাওয়ায়
অদৃশ্য সুরে গেয়ে যাও কানে, কান পাতলেই আবার হারাও
ব্যস্ততার গায়ে মাথা রেখে আমিও ভুলি, থেকে যাই অস্পৃশ্য
তোমার চাওয়া না চাওয়ায়;
বন্ধ চোখে ক্লান্তি দূরে ভাগাতে গেলেই তুমি এসে সম্মুখ দাঁড়াও।
কী জানি কেনো মন টানে তোমাকে কাছে পাই, গল্প বলি পদ্য বলি
না হয় থেকে যাই অধরা তাতে কী, মনই বুঝে মনের কথন
খুব ইচ্ছে একেলা পথে তোমার পায়ে পায়ে পা ফেলে চলি
তোমার অলক্ষ্যেই তোমার মন পড়ে নিই ফের যতন।
শিরোনামে তুমি কাব্যগুলো এখনো সাঁতার কাটে সাদা পাতার জলে
মেঘের খামে ভরে পাঠাইনি আর, তুমি হারিয়েছো বলে....
চোখজোড়া অপেক্ষার চাহনিতে জল টলমলে
কাব্যভরা সাদা পাতা মেলে ধরবো.......
কখনো যদি এসে দাঁড়াও আমাকে চমকে দেবার ছলে।
কী জানি আজ হঠাৎ মন ঘরে বাসা বেঁধেছে হুহু পাখি,
তোমাকেই ভেবে কেটে যায় সহস্র সেকেন্ড- আনমনা চোখ দূরে দৃষ্টি
খুব ইচ্ছে এখন তোমার মন হতে প্রেমের কিছু শব্দ এনে মনে মাখি...
এবেলা অভ্র তুমি আঁধার হও, গলে পড়ো চোখে,
হও আষাঢ়ের একফোঁটা বৃষ্টি।
২১/৭/২০১৯
সর্বশেষ এডিট : ২৭ শে জুলাই, ২০২৩ বিকাল ৪:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


