
অকারণে মন ভালো না আজ
তুমি কোথায়?
এসো এক গুচ্ছ রঙ্গন নিয়ে
বাঁধো আমায় ভালোবাসার সুতায়।
অকারণে ভালো লাগে না কিছু;
তুমি কই গেলে?
রক্ত রঙ ফুল নিয়ে এসো;
উড়ো এসে মন আকাশে - প্রেমের ডানা মেলে।
কী জানি কী হয়েছে মনের;
তুমি ব্যস্ত আছো কি?
ফুল যদি দাও, মন হবে ভালো;
এসো, এসে মনে দাও উঁকি।
দীর্ঘশ্বাসে ভেসে যাচ্ছি
কারণ খুঁজে পাচ্ছি না, তুমি কি দূরে?
এসো গন্ধরাজ, রঙ্গন অথবা গোলাপ নিয়ে,
এসো মনের ডানায় উড়ে।
এই...ভালো লাগে না কিছু
তুমি আসতে পারবে কি?
হাতের মুঠোয় এক গুচ্ছ ফুল নিয়ে এসো;
ফুল ছাড়া মন হবে না ভালো এক সিকি।
কারণ ছাড়া মন মন্দ আজ
তুমি পাশে থাকতে পারো কিছুক্ষণ;
ফুলে ফুলে ভরে দাও মনের ডালা;
অসুখী ক্ষণ করে দাও সুখে অনুক্ষণ।
=======================
©কাজী ফাতেমা ছবি

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

