
জীবনের খেলাঘরে খেলে যাচ্ছি হেসে অথবা কান্নায়
কখনো সুখ এসে দেয় ধরা
কখনো অসুখের কীট দেহ খায় কুরে,
কখনো খুঁজি রবের নিয়ামত হন্যে হয়ে।
জীবনের বাঁকে দুঃখ সুখের ভাসে ভেলা,
সে ভেলায় পা রেখে যাচ্ছি মৃত্যুর কাছাকাছি
কখন যে থেমে যাবে নিঃশ্বাস
ভাবলেই ভয় শিহরণ বয়ে যায় শিরদাঁড়ায়।
পরক্ষণে সুখের স্পর্শে মৃত্যু ভুলি;
শোকর গুজার করে নিই ত্বরা, এত সুন্দর জীবন
করেছেন দান এই বিশ্ব জগতের, এই প্রাণের মালিক
তাকে স্মরণে রাখি হরদম।
তাঁর কাছে সদা এই ফরিয়াদ;
ঈমান যেন রাখেন ঠিকঠাক;
যেন হই মানবিক মানুষ;
দায় খয়রাতের হাত হউক সমুদ্দুর সম।
মন হতে হিংসা দূর করার প্রার্থনা করি
কখনো বলি ঈর্ষা হতে রাখো দূরে রব,
কখনো নিজের সুস্থতার জন্য কাঁদি তাঁর কাছে;
তিনি ছাড়া কে আছে আর দুঃখ সুখের সাথী।
তাঁর দয়ার আশ্রয়ে জীবন এই,
জীবনের বুকে কত নিয়ামত আছে ছড়িয়ে,
চাই না অকৃতজ্ঞ হই, তাই মোনাজাতে উঠাই হাত
বলি মনে মনে, আমায় তুমি ভালো রেখো
মন শুদ্ধতায় রেখো রব পরিপূর্ণ।
=============================
©কাজী ফাতেমা ছবি

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



