শঙ্খ....!
প্রিয় শঙ্খ নদী...!
কেমন আছ তুমি?
আজকাল প্রায়ই তোমাকে মনে পড়ে..
অনেক দীর্ঘশ্বাসের চাপে।
তোমার মনে আছে,
একদিন পরম আদরে জড়িয়ে ধরে
আমাকে টেনে নিতে চেয়েছিলে তোমার শীতল ঘরে..?
আমি তখন নতুন কিশোরী -
তখনো অপরশ ছিল হৃদয়ের ভেতর/বাহির...
আমি আতঙ্কে নিজেকে ছাড়িয়ে নিয়েছিলাম তোমার আলিঙ্গন অথবা গ্রাস থেকে।
ফিরে এসেছিলাম পাথুরে সভ্যতায়..
অনাদর, লোভ, হিংস্রতা, পারমাণবিকতার মানবিকতাহীন ডেবিট/ক্রেডিটময় পৃথিবীতে!
আমি তোমায় গ্রাহ্য করিনি....
বেঁচে থাকবার - হ্যাঁ! শুধুই বাঁচবার প্রবল তৃষ্ণা মেটাতেই
আমি ছিটকে চলে এসেছিলাম
তোমার মমতা ফেলে...!
আমায় ক্ষমা কোরো.....
কিন্তু মায়া কাটিওনা যেন আবার, কেমন....?
এমনও তো হতে পারে,
কোন ঘোর জল জোছনায় তুমি হঠাৎ ঘুম ভেঙে দেখলে
অতি পরিচিত কে একজন
তোমার বালুবেলায় বসে আছে...!
আমি খুব জানি...
অতল অভিমান আর ভালোবাসার প্রবল স্রোতে
তুমি আবার আমাকে জড়িয়ে নেবে.....
ততদিন -
ভালো থাকুক প্রিয়তা....।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



