বিদ্বগ্ধ আগুনে জ্বলে হৃদয়ের প্রতিটি অণু
পাশাপাশি দাঁড়িয়ে সমদহে শরীরের কারুকাজ
চলনে, বলনে, নিদ্রা-জাগরণে, ম্রিয়মান ভাবনায়
অনুভবে বড়-ছোট ব্যবধান খোঁজে টুকরো সমাজ।
কি জানি কি হারালাম শৈশবের কোণে এসে
পঙ্গুত্ব বহমান জীবনের আনাচে-কানাচে
লেনা-দেনা স'ব বাকীর খাতায় থাক উঠে
আমি শুধু খেটে যাই কালের ও কলের পিয়াস মেটাতে।
এক অভিনব অথচ কিংবদন্তী, আমাদের শরীর
মনন, মগজ, উচ্চাশা, আত্মসম্মান, ঘৃণা, ক্রোধ
জনে জনে নতুন, বিভাজিত হয় বর্ণে-গন্ধে-স্বাদে
লাঞ্চনা নেই, তবু বেঁচে থাকি এক অপূর্ণ ক্ষীণতা নিয়ে।
সভ্যতার কলের কাঁচামাল এই দেহ খানি
বিবেকের শরবতে তৃষ্ণা জুড়ায় মণ্ডুধারী
বাকী স'ব অজানা স্রোতের শেওলা'রা ভাসমান
বিলাসী মাচার তলদেশে দৃষ্টি-নন্দন, কৌতুকাধার।
সীমানা সুস্পষ্ট, এখনো কি প্রয়োজন তবে প্রসাধন
যদি কিছু বল তবে সে তোমার মূল্যায়ণ
ক্ষুদ্রতা কি পৃথিবীর অণু অংশ নয়?
সীমাহীন নিরবতার মাঝে তাই
আমিও একজন ভাই।
01.06.2006
মদীনা, সৌদি আরব।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




