![]()
ঈশ্বরের কাছে .....
কি দোষে সময়ের কঠিন ফোঁড় ফুঁড়ে যায়
দিনের পর্দা ! গেঁথে রাখে নতমুখে নিদ্রাহীন
সন্তানের রোগশয্যা পাশে অন্তহীন
অপেক্ষায় থাকি, কবে ভোরের সূর্য্য দেবে দেখা
এই আশা নিয়ে থিরথির কাঁপি ভয়ে !
অস্থিমজ্জায় ঘুনপোকা বেঁধেছে বাসা,
উঠোনময় রক্তবীজ আমার সন্তানের -
কুরে কুরে খাবে বলে জীবন নামের
একটুকরো সখের জমিন তার .....
যেখানে শৈশব ছিলো ঘুড়ি ওড়ানোর,
কৈশোর ছিলো লতাগুল্মে সাজানো স্বপ্নের
ঘরবাড়ী, হা-ডু-ডু খেলার আবারিত মাঠ,
শেষ হয়ে এসেছিলো প্রায় যৌবনের পাঠ !
হে ঈশ্বর ! তখোনই কী পাপে ...
কী জটিল পরীক্ষার অগ্নি তাপে
আমায় রেখেছিস ফেলে !
প্রতিটি পল অনুক্ষন চোখ রেখে বসে থাকি
সন্তানেরই মুখে আশার প্রদীপ জ্বেলে,
কবে তার বেদনার ছায়া সরে যায়
একটু একটু করে তোর দয়াদ্র উত্তাপে !
জপের মালার প্রতিটি কড়িকাঠ ছুঁয়ে ছুঁয়ে
আঙুল বেগবান হে ঈশ্বর তোরই খোঁজে...
কোথা তুই.. হে মানুষের ঈশ্বর.. কোনখানে ?
অন্তজ, ব্রাত্য, ধরিত্রীর কীটস্য কীট - আমি একজনে
রেখেছিস খড়েমাটির চিহ্নচক্রে অবশ করে
ভীরু মুরগীকে রাখিস যেমন
আমাকেও তেমন ভীরু করে !
আমি তো গভীর ক্রন্দনে নতজানু
তোরই পদতলে দিনমান...
গহীন নিশীথেও রূদ্ধ নই আমি
এই মন্ত্রযজ্ঞে । কান্নার জল কেবলই উছলায়
তোর আরশের নীচে – আমারই ভেতর
শুনতে কি পাস তার নিনাদ কাতর ?
[ ইউসি আরভাইন মেডিক্যাল সেন্টার, লস এঞ্জেলেস থেকে ]
পাদটীকা -----
অনেকদুর থেকে আমি লিখছি আমার সন্তানের রোগশয্যার পাশে বসে, আমার এই বর্তমান দিনরাত্রির কাব্য । মানসিক অস্থিরতা, উৎকন্ঠা আর বিক্ষিপ্ততা খানিকটা কাটিয়ে উঠতে ।
অনেকদিন আপনাদের সান্নিধ্য ছেড়ে থাকার কারন এটুকুই ।
আমি জানি, যতো কঠিন করেই টুকরো টুকরো হোক না কেন হৃদয় আমার – পৃথিবী থেমে যাবেনা আমার কান্না দেখে । তাই – আমার লেখা যাদের যাদের ক্ষনেকের তরেও কাছে টেনেছে একদিন তাদের কাছে সনির্বদ্ধ অনুরোধ, যদি কোনও দিন আপনাদের বাগানে আর পদচিহ্ন না পড়ে আমার ; ভুলে যাবেন না যেন।
কাউকে কষ্ট যদি দিয়ে থাকি আমার লেখায়, তাদের কাছেও অনুরোধ- আমার অক্ষমতাকে ক্ষমা করে দেবেন ।
আমিও ছিলাম ......... হয়তো আছি ও------
আপনারা সকলে সুস্থ্য থাকুন , ভালো থাকুন ..........
সর্বশেষ এডিট : ২১ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



