কবিতা আমাকে দৈন্য করেছে, তবু বন্য করেনি
[ শাফিক আফতাব ]
কবিতা আমাকে দিয়েছে বেঁচে থাকার আনন্দ
অথচ জীবনযাপনের কষ্ট ;
কবিতা আমাকে দিয়েছে জীবনের চলার ছন্দ,
অথচ কবিতার জন্য কার্যঘণ্টা নষ্ট।
কবিতার জন্য আমি প্রেম পেয়েছি রমণীর
অথচ বাজারবেলা নন্দিনীর শুনেছি কটুবাক,
কবিতার জন্য আমার কুঁড়েঘর ছায়া সুনিবিড় ;
কবিতা করে মনে আর দেহের বিস্তর ফারাক।
কবিতার জন্য বাঁচতে শিখেছি,
জীবনকে বুঝেছি, কী করে জীবনে বাঁচতে হয় ?
আর কী করে ভালোবাসাকে বাসতে হয় ?
তার জন্য কালস্রোতে ভেসে চলেছি।
কবিতা আমাকে দৈন্য করেছে, তবু বন্য করেনি __
কবিতার জন্য বেঁচে আছি, কবিতা সাত রাজার নন্দিনী।
২১.১২.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



