এখন তুমি আমার অধ্যয়ন, পঠন আর আনন্দের পালক
শাফিক আফতাব -----------
প্রথম প্রথম দেখতে লজ্জা হতো__ভাবতাম, কী ভাববে তুমি !
পাছে লম্পট ভেবে কী ধারণা করো, মনে মনে ;
চুপি চুপি দেখে ভয়ে চোখে ফিরিয়ে নিতাম সন্তর্পণে __
ওদিকে জ্বলে যেতো আমার মনোভূমি।
এখন তোমাকে দেখতে লজ্জা হয়না__থির চেয়ে দেখি তোমাকে ;
মনের বাঁকে বাঁকে আসে আনন্দ আর পুলকের ছন্দমালা __
লজ্জাসকল উবে গেছে আজ মনের শাখা থেকে __
এখন তোমাকে দেখে বড় ফুলবতী হয় আমার নিঝুম নিরালা।
এখন তোমাকে দেখে আমি আবিস্কার করি সুন্দরের গঠন,
এখন তোমাকে দেখে আমি অঙ্কন করি নিসর্গের রূপ ;
এখন তোমাকে দেখে মনের গহীনে জ্বলে যায় প্রেমের ধূপ,
এখন তুমি আমার স্বর্গবতীফুল, আমার সারাদিনের পঠনপাঠন।
এখন আমি লজ্জাহীন এক লম্পট অথচ নগ্নসুন্দর এক বালক ;
এখন তুমি আমার অধ্যয়ন, পঠন আর আনন্দের পালক।
২১.১২.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



