ভালোবাসার ছোঁয়ায় খুলে ফেলি অনুপম সুন্দরের শেমিজ
।। শাফিক আফতাব ।।
আমি তোমাকে আলো ভেবে ছুঁই__উর্বর ভূঁই ভেবে নিই লিজ :
আধুনিক চাষাবাদে আস্বাদে আমার প্রাসাদ ভরবে ভেবে করি চাষাবাদ,
তোমাকে ভালোবেসে হবো আমি পরিপূর্ণ, অথই, অগাধ ;
ভালোবাসার ছোঁয়ায় খুলে ফেলি অনুপম সুন্দরের শেমিজ।
তোমার স্পর্শেই অজস্র হাওয়ার প্রজাপতি ওড়ে মনের বাগিচায় :
তোমার স্পর্শেই মনের গহীনে বয়ে যায় এক ঝর্নার ব্যঞ্জনা __
তোমার স্পর্শেই ধূলোমাখা মৃত্তিকামানব__ ভরে যাই সুধায় ;
ইন্দ্রের সভায় আনন্দে ক্রমাগত নেচে যায় পুলকের খঞ্জনা।
খুলে গেলে আরেক শিল্পরূপ চোখের তারায় ভাসে অনুভবে :
গঠন, পঠন-পাঠন আর অধ্যয়নে তখন পরিচ্ছদ বিভাজন __
তোমাকে আমাকে দেখে নদীরা বয়ে যায় লজ্জায় ; কোলাহল, কলরবে
চাষাবাদে আমরা পাই গোলাভরা ধান, আহা কী বাম্পার এবারের ফলন !
তোমাকে ছুঁইলে যাপিতজীবনের বিফলতা, ধকল__ সব ফুল হয়ে যায়,
অাধুনিক চাষাবাদে ফলে ওঠে পুলকের ধান__পুলকিত হই মধুজ্যোস্নায়।
২২.১২.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



