আবেশের ঘ্রাণে তুমি আরও কাছে আসো
।। শাফিক আফতাব ।।
জোয়ারের পর কী পরিশুদ্ধ হয়ে ওঠো__অবিকল বৃষ্টিধৌত প্রভাত ;
বোধে আর রক্ত ধারায় আর শিরায় শিরায় কী ব্যঞ্জনায় গাও গুনগুন __
নির্জনে ফুটন্ত গোলাপের মতোন বাড়িয়ে দাও ভালোবাসার হাত :
এদিকে তোমার স্পর্শে, সুঘ্রাণে, প্রাণ থেকে ঝরে আমার সুন্দরের নুন।
বপণযোগ্য ভূমির মতোন হয়ে ওঠো মসৃণ, অনুকূল, নরমকোমল ;
মনে হয় শিশিরস্রাত ভোরে ফুটেছো, পূর্ণ অনুভবে মেলেছো দল __
দীর্ঘ এক বেলাভুমি ঘিরে সুবিন্তীর্ণ সুন্দরের বালুকাবেলায় তুমি :
প্রতীক্ষায় বসে, তোমার অভিবাদনে মুখরিত মম মনোভূমি।
তোমার গহীনে থাকে দহনের হলকায় বিন্দু বিন্দু পুলকের শিশির ;
দহনের তীব্র অনুভবে পুড়ে গেলে,__ যেন খাঁটি সোনা হই ;
তুমি অলঙ্কারে, উপমায় অনুপম হও__দেহের উত্তাপে ফোটে খই আর খই :
আবেশের ঘ্রাণে তুমি আরও কাছে আসো, আরো হয়ে আসো নিবিড়।
জোয়ারের পর তুমি শান্তস্নিগ্ধ এক নদী হও__অথচ কামনার প্রজাপতি ওড়ে ;
তুমি নিবিড় হয়ে আমাকে ফোটাতে চাও__শীতের লেপের উষ্ণতা মুড়ে।
২৩.১২.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



