কবিতার গ্রন্থি জুড়ে সুগন্ধিফুল ।। শাফিক আফতাব
কবিতার গ্রন্থি জুড়ে সুগন্ধিফুল__তোমার গ্রন্থিতে গ্রন্থিতে কামনার ঘ্রাণ,
ভেজা ভেজা শব্দের সাবলীল শব্দ__ক্ষুধায় কাতর হয় ক্ষুধিত পরাণ।
ভেজা ভেজা শব্দের নরম ঘ্রাণে, কবিতার ছন্দের ব্যঞ্জনায় তুমিও মেলেছো পালক ;
আজ এই শীতে রাতের উষ্ণওমের ভেতর কোমলঘুমের দেখো কেমন পুলক।
শীত সকালে গরম ভাতের ভাঁপ উঠছে তোমার সুন্দরের শরীর থেকে __
আজ এই শীতে সাত সমুদ্র, তেরনদীর ওপার থেকে আনন্দ এসেছে কামনার লেকে
আজ খুলে গেছে সাতটি অমরাবতীর আনন্দ আর বিলাসের বাতাস __
আজ তুমি কেমন পেলব, সুন্দর, ফুলবতী, মুখর করেছে পউষের মাস।
পাতার ঘুঙুর ঠেলে আজ রাতে ফুটেছে সুগোল পরিপূর্ণ ফুল ;
তার সৌন্দর্যের ঝাঝেঁ নদীরা স্রোতস্বতী আজ __তাদের প্লাবিত দুকূল
আজ তারা সাগরে মেলতে উৎসভূমি থেকে আসছে তেড়ে
তুমি আজ কেমন কামনাপ্রবণ__কেমন নুয়ে গেছে আলো আর কামনার ভীড়ে।
তোমার গ্রন্থি জুড়ে আজ সুগন্ধি ফুল__কবিতার ভাঁজে ভাঁজে ছন্দের ব্যঞ্জনা
অামি আজ এক আদিম কৃষক, ফলাবো ধান__ কোনো বাধা মানবো না
২৫.১২.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



