স্পিন বোলিংটা যে তিনি ভালোই বোঝেন, সে বিষয়ে কারও সন্দেহ নেই। সাকলায়েন মুশতাক দাবি করতে পারেন, ব্যাটিংটাও কি একদমই বুঝি না, আমার টেস্ট সেঞ্চুরি আছে! সেই দাবি হয়তো সাকলায়েন করবেন না, তবে বাংলাদেশের ব্যাটসম্যানদেরও ভালোই সাহায্য করছেন তিনি।
তা ব্যাটসম্যানদের কী শেখাচ্ছেন সাকলায়েন? স্পিনার সাকলায়েন ধারণা দিচ্ছেন স্পিনারদের মানসিকতা সম্পর্কে। স্পিন পরামর্শক পরিচয়ে বাংলাদেশে এলেও দলের একজন হিসেবে নিজের কাজের পরিধি আরও বড় বলে মনে করেন। ‘দু-একজন ব্যাটসম্যান আমার কাছে এসেছে। স্পিনারদের কীভাবে আরও ভালোভাবে খেলা যায়, সেটা জানতে চেয়েছে। ভালো ব্যাটসম্যান হতে হলে বোলারের মানসিকতা বোঝা জরুরি। বল করার সময় একজন স্পিনার কী ধরনের চিন্তাভাবনা করে, আমি তাদের সেটা বোঝাতে চেষ্টা করছি।’ কাল অনুশীলন শেষে বলছিলেন সাকলায়েন।
বিসিবির সঙ্গে সাকলায়েনের চুক্তি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগামী নভেম্বর-ডিসেম্বরের হোম সিরিজ পর্যন্ত। এই সময়ে তিনি মূলত জাতীয় দলের সঙ্গেই কাজ করবেন। দলের সঙ্গে যাবেন ত্রিনিদাদ সফর আর টি-টোয়েন্টি বিশ্বকাপেও। কোচ ও খেলোয়াড়েরা চাইলে এই সময়টাতে সম্ভব সব রকমভাবেই দলকে সাহায্য করতে চান সাকলায়েন, ‘একটা দলে একেকজন একেকভাবে ভূমিকা রাখতে পারে। কোচ-খেলোয়াড়েরা যদি মনে করে, স্পিন পরামর্শকের বাইরে আমি আমার অভিজ্ঞতা দিয়েও তাদের সাহায্য করতে পারি, অবশ্যই করব।’

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



