অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, অর্থমন্ত্রী ভদ্রলোক ও বিবেকবান হলে অনেক আগেই তাঁর পদ থেকে সরে যেতেন।
আজ সোমবার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কারামুক্তি দিবস উপলক্ষে স্বদেশ মঞ্চ নামের একটি সংগঠন আয়োজিত আলোচনা সভায় খন্দকার মোশাররফ হোসেন এই মন্তব্য করেন। জাতীয় প্রেসক্লাবে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় অর্থমন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ করার আহ্বান জানান খন্দকার মোশাররফ হোসেন। তিনি অভিযোগ করেন, বাংলাদেশ ব্যাংক হলমার্ক কেলেঙ্কারির বিষয়ে পদক্ষেপ নেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু অর্থমন্ত্রী তা নাকচ করে দিয়েছিলেন। এতে প্রমাণিত হয়, তিনি ওই কেলেঙ্কারির সঙ্গে জড়িত।
প্রধানমন্ত্রীর আশপাশে যাঁরা আছেন, বিশেষ করে তাঁর উপদেষ্টা ও মন্ত্রীরা, দুর্নীতির সঙ্গে জড়িত—এমন অভিযোগ তুলে খন্দকার মোশাররফ হোসেন প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, ‘আপনার বাবাই বলেছিলেন যে তিনি চোরের খনি পেয়েছেন। প্রধানমন্ত্রীকে বলতে চাই, সেই চোরেরা এখন ডাকাত হয়েছে।’

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



