হাসিব বিন শহিদ
ঢাকা: আন্দোলনরত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীদের ক্লাসে ফিরতে আহ্বান জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
বুধবার রাতে সচিবালয়ে বুয়েটের শিক্ষা পরিবেশ ফিরিয়ে আনতে ১৬ জন ছাত্র-ছাত্রীর একটি দল শিক্ষামন্ত্রীর সাথে বৈঠক করেছে।
বৈঠক শেষে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘প্রশাসনিক যে অনিয়মগুলো হয়েছে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আশা করি ছাত্র-ছাত্রীরা ক্লাসে ফিরে যাবে।’
বৈঠকে অংশ নেওয়া আন্দোলনকারী শিক্ষার্থী অভিপ্রিয় চক্রবর্তী জানায়, উপাচার্য (ভিসি) ও উপ-উপাচার্য (প্রো-ভিসি) এর পদত্যাগের দাবিতে ১৬ সদস্যের একটি দল শিক্ষামন্ত্রীর সাথে আলোচনা হয়েছে। মন্ত্রী আমাদের যে ব্যাপারগুলোতে আশ্বস্থ করেছেন তা হলো- বুয়েটের সামগ্রিক শিক্ষা পরিবেশ ফিরিয়ে আনা হবে; শিক্ষার্থীদের প্রশাসনিক হয়রানি করা হবে না এবং শিক্ষকদের সাথে যে সকল প্রতিশ্রুতি রয়েছে তা বাস্তবায়ন করা হবে।
বৈঠকে অংশ নেওয়া শিক্ষার্থীরা আরও জানায়, এ বিষয়গুলো নিয়ে অন্যান্য শিক্ষার্থীদের সাথে কথা বলে ক্লাসে যাওয়া হবে কিনা তার সিদ্ধান্ত নেওয়া হবে। প্রো-ভিসিকে সরানোর ব্যাপারে সব ধরণের পদক্ষেপ গৃহীত হচ্ছে। শিক্ষামন্ত্রী তার অবস্থান থেকে আমাদের বলেছেন, বুয়েটের শিক্ষা পরিবেশ ফিরিয়ে আনতে সব ধরণের পদক্ষেপ নেওয়া হবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



