ভাল খারাপের সন্ধিক্ষণে এক অদ্ভুত রকম জীবন কাটাচ্ছি। যে জীবনে সুখ জিনিসটাকে কিছুটা ফিল করার আগেই উবে যায়। মনের ঈশানকোণে নতুন করে এঁকে দিয়ে যায় আরেকটি ক্ষত চিহ্ন। দিন যায়..বয়স বাড়ে আর আমার উচ্ছন্নে যাওয়ার মানসিকতা তীব্র থেকে আরও তীব্রতর হয়।
নাহ একটু বেশিই বোধ হয় হয়ে যাচ্ছে। আমিতো কোন কবি সাহিত্যিক নই। তবে কেন তাদের ভাষায় মিছেমিছি এত বড় বড় বুলি কপচাচ্ছি!! আমি হতাশাবাদীদের একজন। আমার কাজ হচ্ছে নিজের ভাষায় রোজকার ঘটে যাওয়া হতাশার গল্পগুলো মুচকি হাসিতে নির্বিকার বলে যাওয়া। তবে তাই হোক।
অনিচ্ছা স্বত্বেও আজ সকাল সকাল ঘুম থেকে উঠে ক্লাসে গেলাম। ওহ সরি আমি উঠিনি মোবাইল ফোনের বাজখাই Alarm টাই আমাকে উঠিয়েছে। ক্লাস শেষে লিফট্ থেকে নেমেই যখন দেখতে পেলাম বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে তখনই ঢের বুঝতে পারলাম আজকে বেরুনোর সিদ্ধান্তটা কত বড় ভুল ছিল! সে যাই হোক এরকম ভুল আমার জন্য নতুন কিছু না। না হয় হতাশাবাদি হতে পারব না যে। দাঁতে দাঁত খিচে লাস্ট ক্লাসটার তোয়াক্কা না করেই বৃষ্টির মধ্যে বেরিয়ে পরলাম। আশেপাশের মানুষজন কৌতুহলী দৃষ্টিতে আমার চলে যাওয়া দেখছে। আমি নিশ্চিত তাদের অধিকাংশই হয়ত আমাকে পাগল ছাগল ভেবে বসেছে! ভাবুক। তারা ভাবতেই পারে...তাতে আমার কি? হতাশাবাদীরা এত কিছু বাছবিচার করে চলতে পারে না।
বেশ কয়েক ডজন হাঁচি দিতে দিতে দরজা খুলে ঘরে ঢুকলাম। যাহ্ দেখি পুরো ফ্ল্যাট খালি! আরে আরেরে আজব তো!! আমি অবাক হচ্ছি কেন?? আমার খেয়েদেয়ে কাজ নেই বলে কি আর সবারো তাই হবে নাকি! ওদের অনেক তাড়া। ওভারটাইম করতে করতে সলতের তেল ফুঁড়োয় অবস্থা। যাকগে এসব কথা। ভেজা কাপড়ে বেশিক্ষণ থাকাটা ঠিক হবে না। ঝটপট কাপড় পাল্টে নিয়ে এখন কি করা যায় তাই ভাবছি।
নাহ ঘুম আসছে না। অনেকক্ষণ তো চেষ্টা করলাম। আমাদের মত মানুষদের কাছে আসলে কোন কিছুই সহজে ধরা দিতে চায় না। ব্যাপারটা বুঝতে হবে। ইশ...হঠাতই মনে পরল ফোনটা ভেজা প্যান্টের পকেটে!! দৌড়ে গিয়ে বাথরুমের বালতি থেকে বের করলাম। নাহ এ যাত্রায় মনে হয় বেঁচে গেছি। কেবল ডিসপ্লে তে জলীয়বাষ্পের মত ধোঁয়াটে একটা আস্তরণ দেখা যাচ্ছে বাকি সব ঠিক আছে। ডায়াল লিস্ট ঘাটতে ঘাটতে পরীর নম্বরটা চোখে পরল। গত দুই দিন আগে লাস্ট ডায়াল করা হয়েছিল!! পাগলীটা নিশ্চই খুব রেগে আছে। মেয়েটার জন্য মাঝে মাঝে খুব কষ্ট হয়। বুঝি না কেন যে সবকিছু জেনেশুনে আমার মত একটা ভবঘুরে কুপমুন্ডুকের সাথে রিলেশান করতে গেল! ভাল মেয়েদের কপালে যে সবসময় খারাপ কিছুই জুটে কথাটির সত্যতা তখন তীব্রভাবে অনুভব করি। সাতপাঁচ না ভেবেই চোখ বুঝে সবুজ বাটন চাপলাম। এবারেও আমাকে হতাশ করে বাংলালিঙ্ক গ্রাহকদের বেহায়া গণপ্রেমিকা ছ্যাকা দিয়ে সুরেলা কণ্ঠে বলে উঠল "এই কলটির সর্বনিম্ন মুল্য আপনার বর্তমান ব্যালেন্সকে অতিক্রম করবে" হে হে হে এবার নিজেই নিজেকে শুধালাম 'মামা এসব প্রেম ভালবাসা তোমার মত হতাশাবাদীদের জন্য নয়। যাহ্ বেটা রাস্তা মাপ'
নাহ একটুও টাশকি খাই নি। এমনটাই তো হওয়ার ছিল অন্যথায় নিজের দেয়া উপাধিটির প্রতি অবিচার করা হয় যে। তবুও সর্বশেষ চেষ্টাস্বরূপ মোটা মানিব্যাগটা হাতড়ে হন্যে হয়ে একটা বিশ টাকার কার্ড খুঁজতে লাগলাম। কার্ড না পেলেও অনেক কিছুই পেলাম_
(১) কিশোরগঞ্জগামী অনন্যা পরিবহনের ১৬ টি ছেঁড়া টিকিট
(২) ঢাকা টু কিশোরগঞ্জ বিআরটিসি বাসের ৩ টি টিকিট
(৩) আমার অন্যতম প্রধান সম্বল বাংলালায়নের ২ টি বিল পে রিসিপ্ট
(৪) ভার্সিটির ৩ টি মানি রিসিপ্ট
(৫) ব্র্যাক ব্যাংক এর এটিএম বুথের ৫১ টি লেখা মুছে যাওয়া টুকরো কাগজ (বেশিরভাগই ব্যালেন্স চেক করতে গিয়ে পাওয়া
(৬) ১ টি পঞ্চাশ ও ২ টি দুই টাকার নোট
(৭) আর প্রেমিকার একটি চিঠি!
টাকাগুলো মানিব্যাগে রেখে বাকিগুলোকে আমার চাপ সহ্য করা থেকে রেহাই দিলাম। মানিব্যাগখানা যেন মুহূর্তেই লজ্জায় চুপসে গেল। আর সবচেয়ে মূল্যবান জিনিসটি এখন আমার হাতে। গুটগুটে অক্ষরের হাতের লেখাগুলো ততক্ষনে নিজের সব সামর্থ্য ঢেলে দিয়ে আমার মনের আকাশে আলোছায়ার খেলা দেখাতে শুরু করেছে। ক্ষণিক বাদেই অঝোর শ্রাবণ ঢলে ভিজিয়ে দিয়ে রংধনুর সাতরঙা সাজে পাগলীটা যেন তার চোখের মায়ায় আমাকে ডুবিয়ে দিয়েছে। আমিও অবুঝ শিশুর মতই নতুন আশার ছুতোয় মেঘবালিকার ভালবাসার কাছে নিজেকে সঁপে দিয়েছি।
সর্বশেষ এডিট : ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




