Write
হৃদয়ের গভীরে তাকিয়ে এক সাগর দেখতে পাই,
কূলের সন্ধানে এগোই—কিন্তু কোথাও কূল নাই।
অসীম সেই জলের মাঝে নীরব রহস্য ভাসে,
অদেখা এক আহ্বান যেন অন্তর জুড়ে আসে।
সেই সাগরের বুকে কিছু মণি-মুক্তার আভাস পেলাম,
অদম্য আকাঙ্ক্ষায় তখন মুক্তার খোঁজে নেমে গেলাম।
হাত বাড়ালাম বারবার—তবু ধরা দিল না সে,
অদৃশ্য কেউ যেন বলল, “এখনো সময় হয়নি যে।”
অভিমানের ভারে তখন এক পাথরকে জড়িয়ে ধরি,
নীরব সেই পাথরও যেন ভালোবাসায় দিল সাড়া ভরি।
বলিলাম তাকে—“এসেছি আমি মুক্তার সন্ধানে,”
পাথর মৃদু হেসে কহিল, “মুক্তা মেলে সাধনার টানে।
যে দুঃখ সয়ে পথ চলে, সেই জানে তার মূল্য কত,
অশ্রুর জলে ধোয়া হৃদয়েই জাগে মুক্তার সত্য রত্ন।”
বলিলাম—“পথটি তবে কেমন, কোথায় তার শেষ?”
পাথর কহিল—“দূর বহুদূর, ত্যাগে ভরা তার পরিবেশ।
অসংখ্য পরীক্ষার ঘাঁটি এখনো পড়ে আছে সামনে,
নিজেকে হারাতে হবে সত্যকে পাওয়ার প্রাঙ্গণে।”
সব পিছনে ফেলে আমি চললাম অজানার পানে,
মুক্তার দীপ্তি জ্বলছিল অন্তরেরই গোপন টানে।
হাজার মুসিবত ওৎ পেতে ছিল পথের ধারে,
ক্লান্ত প্রাণ প্রশ্ন তোলে—“এত দুঃখ কেন তারে?”
ঠিক তখনই শয়তান এসে পথ রোধ করে দাঁড়াল,
প্রলোভনের বিষমাখা বাণ হৃদয় লক্ষ্য করে ছুড়ল।
দৃঢ় বিশ্বাস তলোয়ার হয়ে উঠল আমার হাতে,
সংগ্রামের আগুন জ্বলে উঠল অন্তরের প্রভাতে।
দীর্ঘ লড়াই শেষে সে পরাজয়ের স্বাদ পেল,
নিজ সৈন্য নিয়ে অন্ধকারে পলায়নের পথ নিল।
আরো সামনে এগিয়ে দেখি—আরেক ভয়ংকর রূপ,
নীরব অথচ প্রবল শক্তি, অচেনা তার ধূপ।
প্রশ্ন করিলাম মনে মনে—“তুমি আবার কোন আপদ?”
সে নীরব, অথচ উপস্থিতি যেন মহাবিপদ।
তার শক্তির তুলনায় আমি ছিলাম শিশুর সমান,
তবু সাহস জড়ো করে হাতে তুললাম সংগ্রামের অস্ত্রখান।
তার আঘাতে ক্ষত-বিক্ষত হলো দেহ ও প্রাণ,
আমার আঘাতে সেও পেল যন্ত্রণার কিছু দান।
রক্তাক্ত সেই প্রান্তরে হঠাৎ সত্য হলো প্রকাশ—
শত্রু নয়, সে ছিল আমার নিজের নফসের বাস।
নিজের সাথেই যুদ্ধ ছিল, এতদিন বুঝিনি তা,
অহংকারের প্রাচীর ভেঙে খুলল অন্তরের দ্বারটা।
অশ্রুসিক্ত চোখে তখন সিজদায় নত হলাম,
বলিলাম—“হে প্রভু, আমি নিজেকেই হারিয়ে চলেছি অবিরাম।”
নীরব আকাশ হতে নেমে এলো শান্তির এক আলো,
হৃদয়ের সাগর জুড়ে ছড়িয়ে পড়ল প্রশান্তির ভালো।
সেই আলোয় দেখি—মুক্তা ছিল অন্তরেই লুকানো,
পথের সব যুদ্ধ ছিল তাকে জানারই বাহানা।
যখন নিজেকে হারালাম, তখনই তাকে পেলাম,
হৃদয়ের গভীর সাগরে অনন্ত প্রেমের মুক্তা জ্বলতে দেখলাম।
সর্বশেষ এডিট : ০৩ রা মার্চ, ২০২৬ বিকাল ৪:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



