শুনেছি, কবিদের অনেক অনেক দুঃখ থাকে।
আমার কোন দুঃখ নেই,
তাই বলা চলে আমি কোন কবিও নই।
তবু কেন জানি, অন্যের দুঃখবোধে আমি
অতি সহজেই খুব ভারাক্রান্ত হয়ে যাই।
তবু কেন জানি, বেদনাহতদের দেখলে
এক নিমেষেই আমি সমব্যথী হয়ে যাই।
কিছু করি বা না করি, তাদের কথা
চুপ করে শুনে যাই। আমি কবি নই, তাই
কবিতা আর হয়না লিখা তাদেরকে নিয়ে।
তবু কেন জানি, ঝরা শিউলিকে দেখে
আমার পথ চলা থেমে যায়। মালা গাঁথি
বা নাই গাঁথি, অঞ্জলিভরে তাদের তুলে
নিতেই হয়। আমি কোন গীতিকার নই,
তাই তাদের নিয়ে লেখা হয়না কোন গান।
আমি কোন কেউকেটা দেশপ্রেমিক নই।
তবু কেন জানি, যখন দেশের ঐ লালসবুজ
পতাকাটাকে কোথাও পতপত করে উড়তে
দেখি, তখন অবলীলায় আমার হৃদয়টাও
দুলে ওঠে, আর চোখ থেমে যায় লাল বৃত্তটাতে।
যখন কোন দেশাত্মবোধক গান শুনি, তখন
সে গান বেজে ওঠে সহস্রসুরে আমার অন্তরে।
তার অনুরণন বেজে চলে আমার ভেতরে ভেতরে।
আর তখনও কেন জানি আমার চশমার দু'টি কাঁচে
পৃথিবীর সব কুয়াশা যেন হঠাৎ করে নেমে আসে!
ঢাকা
১৮ ফেব্রুয়ারী ২০১৫
সর্বস্বত্ব সংরক্ষিত।
(ইতোপূর্বে প্রকাশিত)
সর্বশেষ এডিট : ১৩ ই জুন, ২০১৬ সকাল ১০:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



