ও অচিন পাখিরে!
কোন ডালেতে বসে তুমি এমন সুরে ডাকো,
সব ডালেতে দৃষ্টি বুলাই, চোক্ষে পড়ো নাতো।
কোন বা দিকে মুখ ফিরায়ে এমন কূজন করো,
যার কানে যায় সেই হয়ে যায় বাউল মস্ত বড়!
ও রঙিন পাখিরে!
রঙ না দেখেই রঙিন ডাকি, কিই বা তোমার রঙ,
রঙ তো থাকে মনের মাঝে, দেহের মাঝে ঢঙ।
দেহ তোমার দেখলামনা তো, শুনলাম শুধু গান।
গানের সুরেই আঁইকা নিলাম তোমার চিত্রখান।
ও বিজন পাখিরে!
কার বিহনে তোমার সুরে এমন বিষাদ গাঁথা,
কি কামনায় কার ভাবনায় ঘোরে তোমার মাথা?
যারে তুমি ডাকতে পারো এমন করুণ সুরে,
সে কি জানে, কোথায় তুমি, আছো কত দূরে?
ঢাকা
১৮ অক্টোবর ২০১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


