প্রতিবেশী কোন এক কবিকে পেলাম।
স্বপ্নে।
আমি তাঁর প্রতিভামুগ্ধ পাঠক।
শব্দ যেন তার পোষমানা দুরন্ত কাঠবেড়ালী
ফুড়ুৎ ফুড়ুৎ ছুটে যায়
কবির স্বপ্নকে ধাওয়া করে ধরে রাখে
নিখুঁত বৈভবে।
কী অদ্ভুত ভাবনার রং !
কিভাবে লেখেন এমন !
দেখা পেয়ে ধরে বসি।
আমাকে জানাতে হবে কবিতার নিগূঢ় রহস্য।
কতো সাধ্যসাধনায় কবিতায় নৈবেদ্য রেখেছি
বেরহম কবিতা তো ধরাই দিলো না।
অথচ,কবি, কবিতা যে আপনার পোষমানা কাকাতুয়া।
কবিতাকে ছুঁতে দিন,প্লিজ !
বিড়িফোঁকা কালো ঠোঁটে
হাসিটা ঝুলিয়ে চুপচাপ চেয়ে থাকে কবি ।
বুঝে যাই কবিও কবিতার দোসর
ধরা সে দেবে না।
তাই আক্রমনে নামি।
কবিবর, আপনার কবিতায়
নিষ্ঠুরতা কেন মিশে থাকে ?
ভালোবাসা কেন বাস্তবের ঘষা খেয়ে
মসৃণতাহীন !
সব কিছু কেন যেন মন্দচোখে দেখা।
আক্রমনে কাজ হলো !
উবে গেলো ঝুলেথাকা হাসি।
এই ব্যাটা, দুগ্ধপোষ্য কবি-
বান্দরের বিষ্ঠাভরা দিনে
সুন্দরের ছবি কই পাবো ?
আঁধার গুদামে বসে
সূর্য বা চাঁদ নয়
গলায় জড়িয়ে যায় আঁধারের গান।
স্বপ্ন ভেঙ্গে জাগরণে ভাবি,
কবি যা বললেন,তার মানে জীবন কবিতা !

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




