এবার কেন্দ্রীয় ব্যাংকের ভল্ট থেকে টাকা চুরির চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। রবিবার ভল্ট থেকে ৫ লাখ টাকা চুরি করে নিরাপদে বেরিয়ে যায় এক ব্যক্তি। তবে শেষ পর্যন্ত অবশ্য চোর পার পায়নি। হাতেনাতে ধরা না পড়লেও সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে তাকে শনাক্ত করা হয়েছে।
ভল্ট থেকে টাকা নিয়ে বেরিয়ে যাওয়া ওই ব্যক্তি স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার (এসবিআই) কর্মকর্তা দীপক চন্দ্র দাশ। চাঞ্চল্যকর এ ঘটনা ঘটাতে তিনি সময় নেন মাত্র ৪৬ সেকেন্ড। সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে তাকে শনাক্ত করা হয়।
অবশ্য এমন গুরুতর অপরাধ করলেও বাংলাদেশ ব্যাংক তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। এসবিআই তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেবে- এমন লিখিত দেওয়ায় কেন্দ্রীয় ব্যাংক তাকে ছেড়ে দেয়। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহার মধ্যস্থতায় দীপক চন্দ্র দাশকে ছেড়ে দেওয়া হয় বলে জানা গেছে। শুভঙ্কর সাহার কাছে ফোনে জানতে চাইলে তিনি সত্যতা শিকার করতে চাননি।
কিছুক্ষণের পর তিনি নিজেই আবার ফোন করে বলেন, ‘আমি খোঁজ নিয়ে জেনেছি সাময়িকভাবে একটি বান্ডিল পাওয়া যাচ্ছিল না, পরে পাওয়া গেছে।
গত বছর বিভিন্ন ব্যাংকের ভল্ট থেকে টাকা চুরির ঘটনা দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করে। গত বছরের জানুয়ারিতে সুড়ঙ্গ কেটে সোনালী ব্যাংকের কিশোরগঞ্জের রথখোলা শাখা থেকে ১৬ কোটি ৪০ লাখ টাকা টাকা চুরি হয়। একই বছরের মার্চে সোনালী ব্যাংকের বগুড়ার আদমদীঘি শাখা থেকে চুরি হয় ৩২ লাখ টাকা। গত বছরের সেপ্টেম্বরে জনতা ব্যাংকের পুরান ঢাকার ঠাটারী বাজার শাখা থেকে এক কোটি টাকা চুরির সময় হাতেনাতে ধরা পড়ে চোর। চলতি বছরের এপ্রিলে বাংলাদেশ কমার্স ব্যাংকের আশুলিয়া শাখায় দিনদুপুরে ডাকাতির সময় আটজন নিহত হন। এর আগে বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের ভল্ট থেকে টাকা চুরির খবর শোনা গেলেও কেন্দ্রীয় ব্যাংকের ভল্ট থেকে টাকা চুরির কথা শোনা যায়নি
সূত্র- সমকালের বরাতে আরটিএনএন
সর্বশেষ এডিট : ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


