চন্দ্র সাক্ষী সূর্য সাক্ষী আর সাক্ষী তুই
শোন্ ওগো শোন্ পালঙ সই...
হিমানী পর্বত থেকে গারো পাহাড় :
পালঙের করুণ বাঁশিতে মহুয়ার গান,
নদীর পলিতে জমে নদের চাঁদের খুন
পাহাড়ে স্মৃতিস্থ বিষলক্ষ্যার ছুরিকা।
চন্দ্র সাক্ষী সূর্য সাক্ষী আর সাক্ষী তুই
শোন্ ওলো শোন্ পালঙ সই ...
পাহাড়ে বরাবরই থাকে সেদিনও ছিল খুব,
সংবেদন ছিলনা শুধু বেদে সর্দারের :
স্পন্দমান দুটি হৃদয়,আমূল বিদ্ধ,
গীতিকা হয়ে ফেরে আসমুদ্র হিমাচল।
চন্দ্র সাক্ষী সূর্য সাক্ষী আর সাক্ষী তুই
শোন্ ওলো শোন্ পালঙ সই...
উপকথার পলি উর্বরা জনপদ
ভালোবাসা রাখে বাঁচিয়ে
নাগরিক অন্ধকার আলো করে রাখে
গারো পাহাড়ের কাহিনী-জোনাকি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

