সোনাবউ
লুৎফুর রহমান
ও সোনাবউ নাইওর যাবি ঘোমটিঅলা নায়?
রেশমী চুড়ি হাতে দিবে আলতা দিবে পায়।
টিকলি দিবে কপালজুড়ে কাজলটা দিস চোখে
ঘোমটা দিয়ে মুখ লুকাবে দেখলো বুঝি লোকে।
বাটায় ভরিস যতন করে সুপারি আর পান
মাঝ হাওরে বলবো আমি পল্লীপ্রেমের গান।
ও সোনাবউ লজ্জা পেয়ে আঁচলটা নিস দাঁতে
নাকের নোলক পরে থাকিস নৌকাতে তুই সাথে।
বিলের মাঝে শাপলা দেবো হাত বাড়িয়ে তুলে
বানিয়ে দেবো পদ্মমালা হাওরের সব ফুলে।
দিনের শেষে সূর্য যখন আকাশে দেয় ডুব
এমন স্বপন আমার মনে ভীড় করে যে খুব।
নেই সেদিন আর আগের মতো নেইতো অমন নাও
বদলে গেছে দেশটা আমার কিংবা সবার গাঁও।
ও সোনাবউ এখন সবাই অমন করে ট্যুর
বলতে পারিস সেদিন এবং এদিন কতো দূর।
সর্বশেষ এডিট : ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



