মিয়ানমারের সাম্প্রদায়িক দাঙ্গায় এ পর্যন্ত ৫০ জন নিহত হয়েছে, আহত হয়েছে কয়েক’শ। এ পর্যন্ত গৃহহারা হয়েছে পয়ত্রিশ হাজারেরও বেশি মানুষ। রাষ্ট্রিয় টেলিভিশনে প্রচারিত এ তথ্যে আরো জানানো হয় দেশটির কয়েকদিনের সাম্প্রদায়িক দাঙ্গার পর পরিস্থিতি নিয়ন্ত্রনে আসতে শুরু করেছে। রাখাইন প্রদেশে গৃহহারা মানুষকে খাদ্য, বস্ত্র দিয়ে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে, সরকারী ও বেসরকারী কয়েকটি প্রতিষ্ঠান। বিভিন্ন স্থানে আহত মানুষকে সেবা দিতে সরকারের পাশাপাশি কাজ করছে, জাতিসংঘের কয়েকটি দল।
গেল কয়েকদিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর সরকারের ডাকা জরুরী অবস্থার মধ্যে ক্রমেই নিয়ন্ত্রনে আসতে শুরু করেছে, মিয়ানমার পরিস্থিতি। পরিস্থিতি সামাল দিতে গৃহহীন মানুষের জন্য সরকারী তরফ থেকে খোলা হয়েছে ৩৭টি আশ্রয় কেন্দ্র। যেখানে খাদ্য, বস্ত্রের পাশাপাশি চিকিৎসা সেবার ব্যাবস্থা করা হয়েছে।
সামগ্রিক পরিস্থিতি পর্যবেক্ষনের পর সহিংস এ ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে আইনের কাঠ গড়ায় দাঁড় করানোর কথা বলেছেন দেশটির জান্তা সরকারের এক মন্ত্রী। এ সময় গৃহহারা মানুষের গৃহ নির্মান সহ পরিস্থিতি নিয়ন্ত্রনে সব ধরনের পদক্ষেপ নেয়ার কথা বলেন, তিনি।
এদিকে, দেশের সামগ্রিক পরিস্থিতির উন্নতি ও বিজিবি’র কঠোর অবস্থানের ফলে বাংলাদেশ সীমান্তে আসা রোহিঙ্গাদের সংখ্যা ও কমতে শুরু করেছে। তবে, নিরাপত্তা বেষ্টনি ভেদ করে বাংলাদেশ সীমান্তে প্রবেশ করা কয়েক’শ রোহিঙ্গাকে আটকের পর আবারো মিয়ানমারে ফেরত পাঠানোর কথা স্বীকার করেছে, বিজিবি। এদিকে, মানবিক দিক বিবেচনা করে অসহায় এ রোহিঙ্গাদের আশ্রয়দেয়ার দাবিতে প্রচারনা চালানোর অভিযোগে কয়েকটি সংগঠনের নেতাকর্মিকে গ্রেফতার করেছে পুলিশ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

