= 'ও আমাকে টাচ করেছে।' =
সেদিন ঢাকায় বসবাসরত এক সুহৃদের সাথে কথা হলো। বলা চলে, তিনি আমার একজন বান্ধবী। বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে বেশ পরিচিত; বিশেষত, উপস্থাপনায় তাঁর জুড়ি নেই। তবে তার নাম এখানে বলছিনা।
অন্তত তিন দশক আগের কথা।
বিশ্ববিদ্যালয়ে পড়াকালে তিনি প্রেমে জড়িয়েছিলেন।
ফাইনাল ইয়ারে পড়ার সময় নানাদিক থেকে তার জন্য বিবাহের প্রস্তাব আসতে শুরু হলো। তিনি আরেকটু সময় চেয়ে তার মাকে বললেন, 'মা, পড়াশোনাটা আগে শেষ করি, বিয়ের কথা এখনই ভাবছি না।'
বাবা খুব পরহেজগার মানুষ। অবসর জীবন। তাই, কন্যা সম্প্রদানে দেরি সইছে না তাঁর।
বাবার পরামর্শে মা আমার এই সুহৃদকে বললেন, 'দেখ মা, মেয়েদের একটা বয়স থাকে, যখন অনেক ভালো ভালো পাত্রের প্রস্তাব আসে; সেই বয়সটা বেশিদিন থাকেনা, সময় পার হয়ে গেলে এমন পাত্র আবার নাও আসতে পারে। বাদবাকি পড়াশোনা বিয়ের পর করিস।'
নাছোড়বান্দা মা-বাবাকে শান্ত করতে সুহৃদ একদিন তাঁর মাকে বললেন, 'মা, আমার কিন্তু একটা পছন্দ আছে, সে আমার জন্য যতদিন দরকার অপেক্ষা করবে, সমস্যা নেই।'
অনেক সাহস সঞ্চয় করে মা আমার বান্ধবীর বাবাকে কথাটা বললেন।
প্রথমটায় বাবা রেগে গেলেও পরে কিছুটা শান্ত হয়ে মাকে বললেন, ' ***র মা, ওই ছেলের সাথে সম্পর্কে কতদূর কি হয়েছে খোঁজ নাও।'
মা তার মেয়েকে ডেকে প্রশ্ন করলেন, 'ওই ছেলের সাথে তোর কি রকম সম্পর্ক বলতো?'
সুহৃদ উত্তর দিলেন, 'মা, সম্পর্ক অনেক গভীর, ও আমাকে টাচ করেছে।'
মা শুনে জিভ কাটলেন। তারপর ধীরে ধীরে বাবার কাছে ফিরে গিয়ে ঘটনা জানালেন।
বাবা পাঁচ ওয়াক্ত নামাজ কালাম আদায় করা ধার্মিক মানুষ। পরপুরুষের স্পর্শ পেয়েছে এমন মেয়েকে তিনি ওই পুরুষের কাছেই বিয়ে দেওয়া তাঁর ধর্মীয় দায়িত্ব মনে করলেন।
কাহিনী শুনে আমি চুপচাপ।
নীরবতা ভেঙে সুহৃদ আমাকে বললেন, 'জানেন গনি ভাই, আমাদের সেই শারীরিক সম্পর্ক ঠিক কেমন ছিল?'
আমি কেবল তাকিয়ে থাকি - কিছু বলিনা। একজন ভদ্রমহিলার কাছে কি ওসব জানতে চাওয়া যায়?
বান্ধবী বললেন, 'প্রায় তিন বছরের প্রেমের সম্পর্কে সে এক কি দুবার আমার হাতের লিটল ফিঙ্গার, মানে, কড়ে আঙ্গুল, ধরেছিল - এটুকুই। আর তাতেই আমার মনে হয়েছিল, আমার সব শেষ, সতীসাধ্বী কথাটা আমার সাথে আর যায়না। অথচ, এ যুগের ছেলেমেয়েরাতো দুই দিনের সম্পর্কেই চুমোচুমিতে চলে যায়।'
ঘটনাটা খুব মজার, তাইনা?
[এম এল গনি - অভিবাসন পরামর্শক, প্রকৌশলী, কলামনিস্ট, কথাসাহিত্যিক।] https://www.facebook.com/moh.l.gani/
সর্বশেষ এডিট : ০৮ ই মে, ২০২৬ রাত ২:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



