কয়েক দশক আগে আমি যখন বাংলাদেশে ছিলাম তখন দেখেছি, কেউ পড়াশোনায় ভালো বা মনোযোগী হলেই তার মা-বাবা তাকে ইনজিনিয়ার বা ডাক্তার বানানোর কথা বলতেন।
কালেকালে মানুষের চিন্তাভাবনা বদলেছে। আজকাল ছাত্র হিসেবে ভালো হলেই অভিভাবকরা তাদের ডাক্তার-ইঞ্জিনিয়ার না বানিয়ে বরং 'প্রশাসন ক্যাডার' বানানোর স্বপ্ন দেখেন। এমন কি, ডাক্তারি-ইঞ্জিনিয়ারিং পড়লেও তারা যেন পরবর্তীতে 'প্রশাসন ক্যাডার' হয়ে যায় তা-ই মনেপ্রাণে কামনা করেন।
এ ধরনের চিন্তাভাবনা কেবল সমাজের মধ্যম বা উঁচুস্তরে নয়, একেবারে নিম্নস্তরেও আজকাল বিস্তৃত হয়েছে। একটা মজার দৃষ্টান্ত দিলাম নিচে।
দেশে বসবাসরত কিবরিয়া নামের আমার এক বন্ধুর সাথে কথা হচ্ছিল কয়েকদিন আগে। তাদের বাসায় এক মহিলা কাজ করেন যার দুই বছরের এক ছেলে সন্তান রয়েছে। শিশুটিকে পড়াশোনা করিয়ে ভবিষ্যতে সরকারি অফিসার বানানোর স্বপ্ন এই নারীর।
একদিন কিবরিয়া তার কাছে জানতে চাইলেন ঠিক কোন ধরণের অফিসার হিসেবে তিনি তার ছেলেকে দেখতে চান? মহিলা হেসে বললেন, 'আমার ছেলে যেন পোশাসন কেডার হয়।' মহিলার উচ্চারণ অশুদ্ধ হলেও আমার বন্ধু ঠিকই বুঝতে পেরেছিলেন তিনি আসলে কি বলতে চাইছিলেন। - -
বহির্বিশ্বের সাথে বাংলাদেশের এ এক বড়ো পার্থক্য। সেসব দেশে কিন্তু সবচেয়ে মেধাবী ছেলেমেয়েরা টেকনিক্যাল লাইনেই পড়াশোনা করতে যায়, এবং সে কারণেই দেশগুলো তথ্য-প্রযুক্তিতে এতটা উন্নত। বাংলাদেশের 'প্রশাসন ক্যাডারের' মতো উন্নতদেশে এমন কোন বিশেষায়িত 'ক্যাডার সার্ভিস' দেখবেন না যেখান থেকে কর্মকর্তা পাঠিয়ে টেকনিক্যাল-নন টেকনিক্যাল নির্বিশেষে সব প্রতিষ্ঠানের প্রধান বানিয়ে দেয়া হয়। এ ধারা বন্ধ না হলে আমলাতন্ত্র আরও জেঁকে বসবে, এবং তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে বাংলাদেশ আরও দ্রুত পিছিয়ে পড়বে। - -
আপনিও কি চান আপনার মেধাবী সন্তানটি ভবিষ্যতে চিকিৎসক বা প্রকৌশলী না হয়ে 'প্রশাসন ক্যাডার' হউক?
সর্বশেষ এডিট : ১৩ ই জুলাই, ২০২৬ সকাল ৮:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




