
যুগখানেক আগে একদিন
শিশির সিক্ত সকালে শুরু হওয়া গল্পের সমাপ্তিটা আজও সামনে আসেনি!
আদৌ কি এই গল্পটা কোনোদিন শেষ হবে?
নাকি ষড়ঋতুর মতো বারবার রূপ বদলিয়ে
থেকে যাবে আজীবন?
গ্রীষ্মের উত্তাপের মতো
হঠাৎ উষ্ণ হয়েই
আবার শীতলতায় জড়িয়ে যাবে,
ঠিক যেমনভাবে কুয়াশায় জড়িয়ে যায়
পৌষের সকাল?
বর্ষার মেঘ ঘুমিয়ে থাকবে সেই শীতল
অথচ মন কেমন করা ভালোবাসার সম্পর্কে?
আচানক বৃষ্টি এসে জাগিয়ে দেবে
একেকবার-
নাকি শরতের মেঘের মতো অনিন্দ্য সুন্দর
হবে সেই সম্পর্কের মেঘলা আকাশ?
থোকা থোকা শুভ্র মেঘের ছড়াছড়ি পুরো আকাশ জুড়ে!
হঠাৎই হেমন্ত চলে আসে!
মেঘ নেই, বৃষ্টি নেই,
উষ্ণতা-শীতলতা-শুভ্রতা
কিছুই নেই!
চারিপাশ সুনশান নীরব!
নীরবতার ঢেউ আবারও শীতের আঙিনায় পৌঁছে দেয়
যুগখানেক আগে শিশির সিক্ত সকালে
শুরু হওয়া গল্পটাকে!
আসছে বসন্ত!
ভালোবাসায় রঙিন হয়ে উঠার আগে
হঠাৎ দু'জনের মনে হয়-
"এক যুগ পেরিয়ে গেল তবে?"
সর্বশেষ এডিট : ০৯ ই জুলাই, ২০২৫ বিকাল ৫:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



