
প্রিয়,
আমি চাই না তুমি আমাকে তোমার রাণী ভাবো।
আমি চাই-
তুমি আমার বন্ধু হও!
আমার হাতে হাত রাখো,
আমিও রাখি হাত তোমার ওই হাতে।
প্রিয়তম,
আমি ঠিক তোমার অধিনস্ত হতে চাই না!
আমি চাই না তুমি আমাকে অসহায় মনে করো!
মনে করো, তুমি ছাড়া এ পৃথিবীতে আমি
নিরুপায়, ভঙ্গুর!
আর এ কথা মনে করে করুণা মিশ্রিত ভালোবাসা তুমি আমাকে দাও- তা আমি চাই না!
আমি চাই, তুমি আমাকে মানুষ ভাবো!
ঠিক তোমার মতোই একজন মানুষ-
যে পাগলের মতো ভালোবাসা চাইতে পারে!
অথচ হঠাৎ একা হয়ে পড়লে-
তোমাকে ছাড়া জীবনের দুর্গম পথ পাড়ি দিতেও
ভয় পায় না!
জানে, কিভাবে বাঁচার মতো বাঁচতে হয়!
কিভাবে হয়ে উঠতে হয় নিজেই নিজের বন্ধু!
জানো, প্রিয়-
আমি আর কী চাই?
আমি চাই তুমি আমাকে সম্মান করো!
না, না!
আমি নারী, মাতৃত্ব আমার শক্তি!
ঠিক এই জন্য আমি সম্মান চাই না তোমার থেকে।
আমি সম্মান চাই, কারণ আমিও মানুষ!
ঠিক তোমার মতোই একজন মানুষ-
যে শুধু শরীরে নয়,
ভিতরে-বাহিরে
আগাগোড়া একজন সত্যিকারের মানুষ!
প্রিয় আমার,
আমি তোমার সহযোদ্ধা হতে চাই!
একসাথে পাড়ি দিতে চাই
মহাকাশ-মহাসাগর-মহাদেশ।
পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্তে-
হারিয়ে যেতে চাই একসাথে।
তবে তার আগে জানতে চাই-
তুমিও কি চাও
হারিয়ে যেতে-
শুধু আমার সাথী হয়ে?
ছবি: সংগৃহীত
সর্বশেষ এডিট : ০৯ ই জুলাই, ২০২৫ বিকাল ৫:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


