বোয়ালখালী ও পটিয়া উপজেলার ৩টি গ্রামে চলছে এখন শোকের মাতম। প্রতিদিন ভোরে ফজরের আজানের সময় সকলের ঘুম ভাঙলেও গতকাল ভোরে ৩ গ্রামের হাজার হাজার মানুষের ঘুম ভেঙেছে প্রচণ্ড কান্নার শব্দে। বাহরাইনে অগ্নিকাণ্ডে নিহত ৩ জনের লাশ নিয়ে ৩টি গাড়ি যখন এলাকায় পৌঁছে তখন স্বজন, পাড়া-প্রতিবেশীদের কান্নায় আকাশ বাতাস ভারি হয়ে ওঠে। চারদিক বিলাপ আর বিলাপ। সংবাদ পেয়ে ফজরের নামাজ পড়ার আগেই লোকজন ছুটে যায় লাশের গাড়ির সামনে। সমবেদনা জানাতে গিয়ে অনেকেই কান্নায় ভেঙে পড়েন। ধীরে ধীরে গাড়ি গন্তব্যস্থলে পৌঁছলে শুরু হয় নিহতদের বাড়িতে পরিবারের অন্য সদস্যদের কান্নার রোল। পরে শোককে সঙ্গী করে ৩টি এলাকার মানুষ চিরবিদায় দেন নির্মমভাবে প্রাণ বিসর্জন দেয়া হতভাগ্য ৩ জনকে। সকালে হাজার হাজার মানুষের উপস্থিতিতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে ওই ৩ জনকে চিরনিদ্রায় শায়িত করতে গিয়ে মানুষজন চোখের পানি ধরে রাখতে পারেন নি। নিহতদের যখন কবরে শায়িত করা হচ্ছে তখন বাড়িতে মা, স্ত্রী, ছেলেমেয়েদের আর্তচিৎকারে এক অন্যরকম শোকের আবহ সৃষ্টি হয়। যাবতীয় আনুষ্ঠানিকতা শেষে ৩ জনকে দাফন করার পর স্বজনরা বাড়িতে এলে সেখানেও চলে শোকের মাতম। কেউ কেউ স্বজন হারিয়ে বার বার মূর্ছা যাচ্ছেন। এসময় পরিবারের সদস্যরাও যেন একে অপরকে সান্ত্বনা দেয়ার ভাষাও হারিয়ে ফেলছেন।
গত ১১ই জানুয়ারি বাহরাইনের একটি বাসভবনে আগুনে পুড়ে চট্টগ্রামের ৩ জন হতভাগ্য শ্রমিক মারা যান। নিহতরা হচ্ছেন পটিয়ার আশিয়া ইউনিয়নের বাথুয়া গ্রামের হাজী রশিদ আহমদের ছেলে মাহবুবুল আলম, জিরি ইউনিয়নের মালিয়ারা গ্রামের আবদুল আজিজের ছেলে জামাল উদ্দিন ও বোয়ালখালীর পূর্ব চরখিজিরপুর গ্রামের মৃত সগির আহমদের ছেলে নাজির আহমেদ। এর আগে মঙ্গলবার বিকালে মরদেহগুলো ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। পরে রাতে তাদের লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়। সেখান থেকে ওই ৩ জনের লাশ নিয়ে তাদের পরিবারের সদস্যরা চট্টগ্রামের উদ্দেশে রওনা দেয়। গতকাল বুধবার ভোর সাড়ে ৪টায় তাদের লাশগুলো নিজ নিজ বাড়িতে এসে পৌঁছলে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। জামাল উদ্দিনের মেয়ে লিজার (৮) জন্মের আগেই বাহরাইনে চলে যান তিনি। তিনি সর্বশেষ ১১ই জানুয়ারি শুক্রবার দুপুরে ফোন করে কথা বলেছিলেন মেয়ে লিজার সঙ্গে। মেয়েকে তিনি বলছিলেন- জানুয়ারির শেষ দিকে তিনি দেশে ফিরবেন। এসময় মেয়ে লিজা বাবাকে বায়না ধরে বলছিল, তার জন্য জ্যামিতি বক্স ও খেলনা আনার জন্য। তাতে পিতাও প্রতিশ্রুতি দেয়। গতকাল জিরি ইউনিয়নের মালিয়ারা গ্রামে জামাল উদ্দিনের বাড়িতে গিয়ে দেখা যায়, মেয়ে লিজা আব্বু আব্বু বলে বিলাপ করছে। তার পাশে বসে কাঁদছেন জামাল উদ্দিনের ৮৪ বছর বয়সী বৃদ্ধ পিতা আবদুল আজিজ ও ৭০ বছর বয়সী বৃদ্ধা মা মহসিনা বেগম। ওদিকে ঘরের ভেতর থেকে জামালের স্ত্রী’র কান্নার শব্দ সকলে শুনছেন। এদিকে বোয়ালখালীর পূর্ব চরখিজিরপুর গ্রামে নজির আহমদের লাশ পৌঁছানোর পর থেকেই তার বাড়িতে মানুষের ঢল নামে। স্বজনদের সঙ্গে ছেলের মারা যাওয়ার খবর শোনার পর থেকেই কাঁদতে কাঁদতে চোখের পানি শুকিয়ে গেছে প্রায় ৭২ বছর বয়সী মা ময়ূর খাতুনের। তবুও তিনি ছেলে হারানোর ব্যথা সইতে না পেরে কাঁদতে কাঁদতে সাংবাদিকদের বলেন, ওবাবারে, বাবা, আমি কেন মরিলাম না, তুই কেন মরে গেলি? আমাদের এখন কে দেখবে? কে খাওয়াবে? আবার নজিরের বড় বোন নূরনাহারও কাঁদছে। তার কোলে বসে কাঁদছে নজিরের মেয়ে জেসি (৬)।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

